২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

আগামী ছয় মাস থেকে এক বছর ‘গুরুত্বপূর্ণ’ সময়: খসরু

দেশে ‘গভীর সংকট’ সৃষ্টি হয়েছে মন্তব্য করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, আগামী ছয় মাস থেকে এক বছর ‘খুব গুরুত্বপূর্ণ’ সময়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 11:12 PM

Updated : 28 Apr 2022, 11:49 PM

বৃহস্পতিবার চট্টগ্রামে এক সমাবেশে তিনি বলেন, “আওয়ামী লীগ সরকারকে যারা ক্ষমতায় টিকিয়ে রাখতে চেষ্টা করছে তাদেরও কোনো ভিত্তি নেই। দেশের মানুষ আজ কঠিন সময় পার করছে। দেয়ালে পিঠ ঠেকে গেছে, কিন্তু আমরা থেমে নেই।

“সময় এসেছে, আগামী ছয় মাস থেকে এক বছর গুরুত্বপূর্ণ সময় অতিক্রম করব। আগামী ছয় মাস এক বছরের মধ্যে এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে। একটি অবৈধ অনির্বাচিত সরকারকে আর সময় দেওয়া যাবে না।”

সরকার দিনের পর দিন ‘জুলুম নির্যাতন চালিয়ে যাচ্ছে’ অভিযোগ করে এই বিএনপি নেতা বলেন, “এরা সরকার নয়, এরা দখলদার। কিছু দুর্নীতিবাজ ব্যবসায়ী, দুর্নীতিবাজ আমলা নিয়ে এ সরকার- এভাবে চলতে দেওয়া যায় না।

“বিল্ডিংয়ে ফাউন্ডেশন না থাকলে যেভাবে ভেঙে যায়, সেভাবে এ অবৈধ সরকার ও ভেঙে যাবে, তারা ভেঙে যাবার আগেই আমাদের ভেঙে ফেলতে হবে।”

নির্দলীয় নিরপেক্ষ সরকার ছাড়া সরকারের সঙ্গে ‘কোনো আলোচনা নয়’ মন্তব্য করে আমীর খসরু বলেন, “দেশের মানুষের বিরুদ্ধে আওয়ামী লীগ আবারও ষড়যন্ত্র করছে। আবার এদেশের মানুষের ভোট কেড়ে নেওয়ার ষড়যন্ত্র করছে। বিচার বিভাগকে কুক্ষিগত করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে। সরকারের কর্মকর্তাদের ব্যবহার করে ক্ষমতায় থাকার ষড়যন্ত্র করছে।

“আগামী নির্বাচনে ভোটচুরির ষড়যন্ত্র শুরু করেছে। সব ভোট চোররা আজ এক জায়গায় যুক্ত হয়েছে। কিছু দুর্নীতিবাজ কর্মকর্তাদের নিয়ে সরকার একটা রেজিম তৈরি করেছে। এরা সরকার নয়, এরা দখলদার। এই সরকারের হাত থেকে দেশকে মুক্ত করতে হবে।”

চট্টগ্রামে দলীয় কার্যালয়ের মাঠে বাংলাদেশ জাতীয়তাবাদী মহিলা দলের চট্টগ্রাম মহানগরের এই কর্মী সমাবেশে হয়। তাতে সভাপতিত্ব করেন ম‌হিলা দ‌লের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক ও চট্টগ্রাম বিভাগীয় টি‌মের সদস‌্য শাহানা আক্তার শানু।

চট্টগ্রাম মহানগর ম‌হিলা দ‌লের সা‌বেক সভাপ‌তি ম‌নোয়ারা বেগম ম‌নি ও সা‌বেক সাধারণ সম্পাদক জেলী চৌধুরীর প‌রিচালন‌ায় উদ্বোধনী বক্তব‌্য রা‌খেন মহিলা দল কেন্দ্রীয় ক‌মি‌টির সভাপ‌তি আফ‌রোজা আব্বাস। 

অন্যদের মধ্যে চট্টগ্রাম নগর বিএন‌পির আহবায়ক ডা. শাহাদাত হো‌সেন ও সদস‌্য স‌চিব আবুল হা‌শেম বক্কর, প্রধান বক্তা ছিলেন মহিলা দল কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সুলতানা আহ‌মেদ বক্তব‌্য দেন।