২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

হটলাইনে অভিযোগ পেয়ে চমেক ওষুধের দোকানে দুদক

হটলাইনে রোগীদের কাছ থেকে ‘অনিয়মের’ অভিযোগ পেয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের  সরকারি ওষুধের দোকানে অভিযান চালিয়েছে দুর্নীতি দমন কমিশন- দুদক।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2022, 06:36 PM

Updated : 25 Oct 2022, 10:17 AM

বৃহস্পতিবার দুদক চট্টগ্রাম সমন্বিত জেলা কার্যালয়ের উপ-পরিচালক নাজমুছ সাদাতের নেতৃত্বে এ অভিযান চালানো হয়।

অভিযানের শুরুতে বেলা ১১টার দিকে দুদকের তদন্ত দল হাসপাতালের প্রশাসনিক ভবনে যায়। পরে নিচতলায় ওষুধের দোকানে গিয়ে বিভিন্ন তথ্য সংগ্রহ করেন তদন্ত কর্মকর্তারা।

অভিযানে অংশ নেওয়া দুদক চট্টগ্রামের উপ-পরিচালক আবু সাইদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “হটলাইনে ভুক্তভোগী রোগীর কাছ থেকে অভিযোগ পেয়ে তা তদন্ত করতেই এ অভিযান চালানো হয়েছে।”

হাসপাতালের সরকারি দোকানের ওষুধ বিভিন্ন সময়ে বাইরে বিক্রির অভিযোগ রয়েছে। এছাড়া রোগীদের সেখান থেকে ওষুধ না পাওয়ার অভিযোগও আছে।

গত ৭ ফেব্রুয়ারি হাসপাতালের সরকারি ওষুধ রোগীদের বদলে বাইরে বিক্রির সময় দুইজনকে গ্রেপ্তার করে পুলিশ।

অনিয়মের বিষয়ে দুদক কর্মকর্তা আবু সাইদ বলেন, “আমরা বিভিন্নজনের সঙ্গে কথা বলেছি, তথ্য সংগ্রহ করেছি।” 

অভিযানে অংশ নেওয়া দুদক কর্মকর্তারা হাসপাতালের পরিচালকের সঙ্গেও দেখা করেন।