২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

র‌্যাব কার্যালয়ে নেওয়ার পর ‘অসুস্থ হয়ে’ আসামির মৃত্যু

চট্টগ্রামে হত্যা মামলার এক আসামিকে ‘পরিচয় শনাক্তের জন্য’ র‌্যাব কার্যালয়ে নেওয়ার পর তার মৃত্যু ঘটেছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Mar 2022, 08:45 PM

Updated : 02 Aug 2022, 03:05 PM

Image
প্রতীকী ছবি

প্রতীকী ছবি

ওই ব্যক্তি ‘অসুস্থ হয়ে’ মারা গেছেন বলে দাবি করছেন র‌্যাবের কর্মকর্তারা।

মঙ্গলবার রাতে মারা যাওয়া নজরুল ইসলাম বাবুল (৬০) চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার বাসিন্দা।

বছর দশেক আগের একটি হত্যা মামলায় পরোয়ানাভুক্ত আসামি ছিলেন নজরুল। ওই মামলায় মঙ্গলবার রাতে তাকে পাঁচলাইশ থেকে আটক করে নিজেদের কার্যালয়ে নিয়ে যায় র‌্যাব।

র‌্যাব-৭ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এ ইউসুফ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “পরিচয় শনাক্তের জন্য র‌্যাব কার্যালয়ে আনা হলে সেখানে তিনি (নজরুল) অসুস্থ বোধ করলে তার স্ত্রীর মাধ্যমে তাকে পতেঙ্গা এলাকার একটি বেসরকারি হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে চট্টগ্রাম মেডিকেল কলেজ পাঠানো হয়। হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।”

এ ঘটনায় দুপুরে মৃত নজরুলের স্ত্রীর সঙ্গে যোগাযোগ করা হলে লাশ দাফনের পর তিনি এ বিষয়ে কথা বলবেন বলে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান। পরে বিকালে কয়েক দফা কল করা হলেও তিনি আর ফোন ধরেননি।

কী অসুস্থতার জন্য নজরুলের মৃত্যু ঘটেছে, সে বিষয়ে কোনো তথ্য পাওয়া যায়নি। এজন্য ময়নাতদন্ত প্রতিবেদন পাওয়ার অপেক্ষার কথা বলেছেন পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদেকুর রহমান।

তিনি বিডিনিউজ  টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তার ময়নাতদন্ত করা হয়েছে। প্রতিবেদন পেলে বোঝা যাবে, কীভাবে মৃত্যু হয়েছে। বিষয়টি র‌্যাব দেখবে।”

এই মৃত্যুর বিষয়ে থানায় কেউ কোনো অভিযোগ করেনি বলে জানান এই পুলিশ কর্মকর্তা।