২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

লালদিঘি মাঠে যেদিন পোড়ানো হয় পাকিস্তানের পতাকা

সভার দিকে বন্দুক তাক হয়ে আছে,সবাই বুঝে গেছে স্বাধীনতার লড়াই ছাড়া আর কোনো পথ নেই। সেদিন সিদ্ধান্ত নিয়েই লালদিঘি মাঠে পোড়ানো হয় পাকিস্তানের পতাকা। এরপর থেকে বাংলাদেশের পতাকাই উড়েছে বীর চট্টলায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

মিঠুন চৌধুরী, চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Mar 2022, 09:23 PM

Updated : 25 Oct 2022, 10:16 AM

৫১ বছর পর ২ মার্চের স্মৃতিচারণ করে আবারও জ্বলে ওঠেন বীর মুক্তিযোদ্ধা মোহাম্মদ ইউনুছ। সতীর্থদের অনেকেই মারা গেছেন, ইতিহাসের সাক্ষী হয়ে শোনালেন রোমহর্ষ জাগানো সেই ঘটনা।

“পাকিস্তানের পতাকায় আগুন দেওয়া মাত্র মঞ্চ থেকে স্লোগান উঠল ‘জ্বলছে তো জ্বলছে পাকিস্তান জ্বলছে’, ‘পাকিস্তানের দিন শেষ, জন্ম নেবে বাংলাদেশ’,”- বলেন ইউনুছ।

ঘটনার বর্ণনা দিয়ে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “১৯৭১ সালের ১ মার্চ ইয়াহিয়া খান অ্যাসেম্বলি (পাকিস্তানের জাতীয় পরিষদের অধিবেশন) স্থগিত ঘোষণা করেন। খবর পেয়ে সাথে সাথে আমরা মিছিল বের করি।

“মিছিল করে যাই রাইফেল ক্লাবের পাশে শহীদ মিনারে (সেসময়ে শহীদ স্বপন পার্ক)। সেখানে সমবেত হয়ে আমরা শহরে গাড়ি চলাচল বন্ধ করে দিলাম। দলে দলে মিছিল আসছিল শহরের বিভিন্ন এলাকা থেকে।”

Image
সামনে বাঁ থেকে শফিউল বশর ও এবিএম মহিউদ্দিন চৌধুরী। পেছনে বাঁ থেকে অমল মিত্র, মোহাম্মদ ইউনুছ ও এনামুল হক চৌধুরী। ১৯৭১ সালের ২ মার্চ লালদিঘি ময়দানের সভায় ছিলেন এই পাঁচ বীর মুক্তিযোদ্ধা।

সামনে বাঁ থেকে শফিউল বশর ও এবিএম মহিউদ্দিন চৌধুরী। পেছনে বাঁ থেকে অমল মিত্র, মোহাম্মদ ইউনুছ ও এনামুল হক চৌধুরী। ১৯৭১ সালের ২ মার্চ লালদিঘি ময়দানের সভায় ছিলেন এই পাঁচ বীর মুক্তিযোদ্ধা।

সেসময় সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কেন্দ্রীয় ছাত্র সংসদের প্রথম ভিপি মো. ইব্রাহিম। মূল সংগঠক হিসেবে কাজ করেন মৌলভী সৈয়দ আহমদ, এবিএম মহিউদ্দিন চৌধুরী, এস এম ইউসুফ, মোক্তার আহমদ, শেখ মো. আইয়ুব বাঙালি।

১৯৭১ সালে গড়ে ওঠা ‘জয় বাংলা বাহিনী’র প্রধান ছিলেন মৌলভী সৈয়দ আহমদ ও উপ-প্রধান ছিলেন এবিএম মহিউদ্দিন চৌধুরী। সেই বাহিনীর সদস্য ছিলেন বর্তমানে বিজয় মেলা পরিষদের মহাসচিব মোহাম্মদ ইউনুছ।

তিনি বলেন, “নেতৃবৃন্দ সিদ্ধান্ত নিলেন ২ মার্চ বেলা ২টায় লালদিঘি মাঠে বিক্ষোভ সমাবেশ হবে। পূর্ব ঘোষণা মতো সভা শুরু হয়। সিটি কলেজ নৈশ বিভাগের ভিপি খোরশেদ আলমের সাথে সভা চলাকালে আলোচনা করতে থাকি ব্যতিক্রম কী করা যায়।

“তারপর সিদ্ধান্ত নিই পাকিস্তানের পতাকায় আগুন দিব। পাশেই পুলিশ সুপারের কার্যালয় (বর্তমান চট্টগ্রাম মহানগর পুলিশের দপ্তর)। সেই পাহাড় থেকে ইপিআর আর পুলিশের সদস্যরা সভার দিকে বন্দুক তাক করে দাঁড়িয়ে ছিল।”

উত্তাল সেই দিনটির কথা মনে করে এই মুক্তিযোদ্ধা বলেন, “খোরশেদ আলম ভাই আমাকে বলেন, তুমিই পারবে। চলো, পাকিস্তানের পতাকায় আগুন দিয়ে শেষ বিদায় দিই। এরপর আমরা খুঁজতে থাকি পাকিস্তানের পতাকা কোথায় পাব।”

লালদিঘির উত্তর পাড়ে (বর্তমান লালদিঘি জামে মসজিদের বিপরীত পাশে) আমানিয়া হোটেলের লাগোয়া সিটি স্টোর নামের একটি দোকান ছিল। সেই দোকানের মালিক ফজল ছিলেন মুসলিম লীগের কর্মী।

মোহাম্মদ ইউনুছ বলেন, “আমি জানতাম ফজল মুসলিম লীগ করত। তার কাছে পাকিস্তানের পতাকা থাকতে পারে। সেখানে গিয়ে পাকিস্তানের পতাকা নিয়ে আসি। মাঠে সভা চলছিল।

“এসময় মাঠের মাঝখানে দাঁড়িয়ে আমি পাকিস্তানের পতাকায় আগুন লাগিয়ে দিই। আমার সঙ্গে ছিল শফিউল বশর, এনামুল হক চৌধুরী, অমল মিত্র, খোরশেদ আলম, শহীদ রফিক, আশরাফসহ কয়েকজন।”

এরপরই জ্যেষ্ঠ নেতারা তার নিরাপত্তার কথা ভেবে মোহাম্মদ ইউনুছকে সেখান থেকে সরিয়ে দেন।

২ মার্চ ঢাকায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হলেও চট্টগ্রামে সর্বদলীয় ছাত্র সংগ্রাম পরিষদের নেতারা খবর পান পরদিন ৩ মার্চ। ঢাকায় পতাকা উত্তোলনের পর সেদিনই জগন্নাথ কলেজের ভিপি সৈয়দ রেজাউর রহমান চট্টগ্রামে আসেন।

“ভিপি রেজাউর রহমান চট্টগ্রামে এসে স্টেশন রোডের রেস্ট হাউজে এসে উঠেন। তিনি জানান, ঢাকায় বাংলাদেশের পতাকা উত্তোলন করা হয়েছে। সেই পতাকা লাল মানচিত্র খচিত।

“এ কথা শুনে, মহিউদ্দিন ভাই (মহিউদ্দিন চৌধুরী) সাদা কাপড়ে লাল মানচিত্র এঁকে দুটি পতাকা তৈরি করেন। এর একটি নিয়ে আমি মিছিল বের করি। আর অন্যটি রেস্ট হাউজের বাংলোর ছাদে উঠে উড়িয়ে দেয় অমল মিত্র।”

চট্টগ্রামের এই বীর মুক্তিযোদ্ধা বলেন, “২ মার্চ চট্টগ্রামে প্রথম প্রকাশ্যে পাকিস্তানের পতাকা পোড়ানোর পর আর পাকিস্তানের পতাকা ওড়েনি। উড়েছে বাংলাদেশের পতাকা। তারপর দ্রুত ঘটনা প্রবাহ আগাতে থাকে।

“৭ মার্চ জাতির পিতা সেই ঐতিহাসিক ঘোষণা দেন।তারপর মুক্তিযুদ্ধ শুরু হলে আমরা অনেকেই যুদ্ধে ঝাঁপিয়ে পরি। যুদ্ধেই শহীদ হন রফিক, মুক্তিযোদ্ধাদের অনেকেই মারা গেছেন। ইতিহাসের সাক্ষী হয়ে আমরা কয়েকজন বেঁচে আছি।”

বীর মুক্তিযোদ্ধা ও মুক্তিযুদ্ধ গবেষক ডা. মাহফাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “১ মার্চ অ্যাসেম্বলি স্থগিতের পরই সবাই বুঝতে পারে স্বাধীনতার লড়াই ছাড়া আর কোনো পথ নেই। সেটাই ছিল জনগণের টার্নিং পয়েন্ট।

“২ মার্চ চট্টগ্রামের লালদিঘি মাঠে পাকিস্তানের পতাকা পোড়ানো হয়। জনগণ তখন স্বাধীনতা আন্দোলনে শামিল হয়ে গেছে।”