প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান নাছির উদ্দিন মারা গেছেন
দেশের শীর্ষস্থানীয় পোশাক রপ্তানিকারক প্যাসিফিক জিন্সের চেয়ারম্যান মো. নাছির উদ্দিন মারা গেছেন।
থাইল্যান্ডের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সোমবার বিকালে তার মৃত্যু হয় বলে চট্টগ্রাম চেম্বারের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
নাছির উদ্দিনের বয়স হয়েছিল ৭১ বছর। তিনি স্ত্রী ও তিন ছেলে রেখে গেছেন। তার ছেলেদের একজন সৈয়দ মোহাম্মদ তানভীর চট্টগ্রাম চেম্বারের সহ-সভাপতি।
সিআইপি নাছির বিজিএমইএ’র পরিচালক ছিলেন। তার পরিচালনাধীন প্রতিষ্ঠান রপ্তানিকারক হিসেবে রাষ্ট্রীয় স্বীকৃতিপ্রাপ্ত।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, নাছির উদ্দিনের লাশ দেশে ফিরিয়ে আনার পর বুধবার চট্টগ্রাম ইপিজেডের সেন্ট্রাল মসজিদ প্রাঙ্গণে প্রথম নামাজে জানাজা, বাদ জোহর জমিয়তুল ফালাহ মসজিদে দ্বিতীয় জানাজা এবং সীতাকুণ্ডের সলিমপুরে বাদ আছর তৃতীয় জানাজা শেষে পারিবারিক কবরস্থানে তাকে দাফন করা হবে।
ব্যবসায়ী নাছির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
তিনি এক শোক বার্তায় প্রয়াতের আত্মার মাগফিরাত কামনা করেন এবং তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান।
নাছির উদ্দিনের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন চট্টগ্রাম চেম্বারের সভাপতি মাহবুবুল আলম ও সিনিয়র সহ-সভাপতি তরফদার মো. রুহুল আমীন।
এছাড়া শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, চট্টগ্রামের বন্দর-পতেঙ্গা আসনের সংসদ সদস্য এম এ লতিফ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস ও সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ শোক প্রকাশ করেছেন।
