২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে গরু প্রদর্শনী: হোয়াইট টাইগার, রাজাবাবু, সেনাপতিদের ঘিরে ভিড়

হোয়াইট টাইগারকে ঘিরে বেশ ভিড়। কেউ ছুঁয়ে দেখছেন। কেউবা ছবি তুলছেন। আবার কেউ জানতে চাইছেন কী খাওয়ানো হয় গরুটিকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 18 Feb 2022, 08:02 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

প্রথমবারের মতো আয়োজিত চট্টগ্রাম ক্যাটেল এক্সপো ২০২২ এ হোয়াইট টাইগার, রাজাবাবু, সেনাপতি এমন নামের বেশ কিছু বড় আকারের গরু ঘিরে ছিল দর্শনার্থীদের বেশ আগ্রহ।

প্রদর্শনীর ব্যতিক্রমী আয়োজন গরুর ফ্যাশন শোও দর্শক টেনেছে। হাসতে হাসতে হাততালি আর মন্তব্য ছুড়ে দিয়ে মজা নিতে দেখা গেছে ছুটির দিন এম এ আজিজ আউটার স্টেডিয়ামের মাঠে শুক্রবার প্রদর্শনীতে আসা দর্শনার্থীদের।

ভিন্ন ধর্মী এ আয়োজনের পুরো প্রদর্শনী স্থল ঘিরেই ভিড় চোখে পড়েছে। সময় যত গড়িয়েছে দর্শনার্থীদের সমাগম ঘটেছে ততই। অংশ নেওয়া খামারগুলোর প্রায় প্রতিটির সামনে ছিল ভিড়; একটু ভিন্ন জাত বা ধরনের গরুকে ঘিরে আগ্রহ দেখিয়েছেন দর্শনীর্থীরা।

সাদা রঙের হোয়াইট টাইগার গরুটির শিংয়ের আকারও অনেক বড়। একে ঘিরে মেলায় আগতদের ভিড়ই বেশি দেখা গেছে। অনেকেই জানতে চাইছিলেন, এটা কোন দেশি গরু।

Image
ক্যাটেল এক্সপোতে প্রদর্শিত গরু। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ক্যাটেল এক্সপো-২০২২’। ছবি: সুমন বাবু

ক্যাটেল এক্সপোতে প্রদর্শিত গরু। শুক্রবার চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে প্রথমবারের মতো আয়োজন করা হয় ‘ক্যাটেল এক্সপো-২০২২’। ছবি: সুমন বাবু

মেলায় অংশগ্রহণকারী সারা এগ্রো ফার্মের স্বত্ত্বাধিকারী আলীফ ইকবাল চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ব্রাহামা জাতের সঙ্গে দেশি জাতের শংকর প্রজাতির গরু হোয়াইট টাইগার। এটির ওজন এখন ৯৫০ কেজি। প্রাকৃতিক খাবার খাইয়ে গরুটিকে বড় করা হয়েছে।”

ইকবাল এগ্রোর স্টলে রাজস্থানী কাংরাজ জাতের বিশাল শিংয়ের এক কালো রঙের গরুর আশেপাশে কেউ দাঁড়াতেই পারছিলেন না। কাছে গেলেই শিং দিয়ে ঢুস দেওয়ার চেষ্টা করছিল ‘সেনাপতি’।

পাশে দাঁড়ানো অস্ট্রেলিয়ান ফ্রিজিয়ন জাতের ‘রাজাবাবু’ অবশ্য চুপচাপ।

এ ফার্মের মালিক ইকবাল হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাংরাজ জাতের দুটি গরু আমদানি করেছিলাম। গত কোরবানিতে একটি গরু সাড়ে পাঁচ লাখ টাকায় বিক্রি করি। তবে সেনাপতি এখনও আছে। কিছু শৌখিন মানুষ এরকম ব্যতিক্রমী গরু কোরবানি দিতে চান। তাই এটি প্রস্তুত করা হচ্ছে।”

Image
চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শুক্রবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ক্যাটেল এক্সপো-২০২২’। এতে ৩২টি খামার বিভিন্ন জাতের গরু নিয়ে অংশ নেয়। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শুক্রবার প্রথমবারের মতো আয়োজন করা হয়েছে ‘ক্যাটেল এক্সপো-২০২২’। এতে ৩২টি খামার বিভিন্ন জাতের গরু নিয়ে অংশ নেয়। ছবি: সুমন বাবু

তার দাবি অস্ট্রেলিয়ান ফিজিয়াম জাতের ‘রাজাবাবু’ এর ওজন এক হাজার কেজি। এর বয়স দেড় বছর। শখের বশে তিনি গরুটি পালন করছেন বলে জানালেন।

ক্যাটেল এক্সপোতে দেশি, শাহীওয়াল, ভুট্টি, ভারতীয় শিপ্পি, পাকিস্তানি এবং শঙ্কর জাতের ৬৪টি গরু নিয়ে আসেন ৩২টি খামারের মালিকরা।

ছুটির দিনে সন্তানদের নিয়ে ক্যাটল এক্সপোতে আসা সাইফুল ইসলাম বলেন, শহরে বড় হওয়া শিশুরা পশুপাখি দেখার সুযোগ পায় কম। তাই মেলা হচ্ছে শুনে বাচ্চাদের নিয়ে এসেছি। এত বড় গরু দেখে তারা অবাক।

তবে আয়োজকদের উদ্দেশ্য মূলত প্রাকৃতিক উপায়ে গরু পালন ও মাংস উৎপাদনের বিষয়ে ক্রেতাদের সচেতন করা এবং গরু পালনে আগ্রহিদের একাজে উৎসাহিত করা।

Image
চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শুক্রবার আয়োজিত ক্যাটেল এক্সপোতে গরু দেখতে দর্শনার্থীদের ভিড়। ছবি: সুমন বাবু

চট্টগ্রামের এম এ আজিজ আউটার স্টেডিয়ামে শুক্রবার আয়োজিত ক্যাটেল এক্সপোতে গরু দেখতে দর্শনার্থীদের ভিড়। ছবি: সুমন বাবু

প্রদর্শনীর প্রধান সমন্বয়ক ও গ্রিন হারভেস্ট ফার্মের মালিক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, চট্টগ্রামের খামারিদের উদ্যোগে প্রথমবারের মতো এই আয়োজন মূলত আগ্রহীদের গরু পালন সম্পর্কে জানাতে; যাতে করে তারা খামার করতে এগিয়ে আসেন।

“নতুন উদ্যোক্তারা এগিয়ে এলে মানুষ স্বাস্থ্যসম্মতভাবে মোটাতাজা করা গরুর মাংস খেতে পারবেন। পাশাপাশি কর্মসংস্থানও হবে।”

মেলায় গরু প্রদর্শনীর পাশাপাশি থাকছে ক্যাটল ফ্যাশন শো, প্রান্তিক খামারিদের সম্মাননা, তরুণ উদ্যোক্তাদের সাফল্যের গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।

তবে মেলার মাঠে ধুলার আধিক্য এবং ৫০ টাকা মূল্যের টিকেট রাখায় দর্শনার্থীরা কেউ কেউ আপত্তি জানিয়েছেন।