প্রদীপের স্ত্রীর অবৈধ সম্পদের মামলায় সাক্ষ্যগ্রহণ
অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুদকের করা মামলায় টেকনাফের সাবেক ওসি প্রদীপ কুমার দাশের স্ত্রী চুমকি করণের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে।
বৃহস্পতিবার চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ মুন্সী আব্দুল মজিদের আদালতে সাক্ষ্যগ্রহণ হয়।
প্রদীপের বিরুদ্ধে এ মামলায় অভিযোগ গঠনের বিপরীতে উচ্চ আদালতে করা একটি আবেদন নিষ্পত্তি না হওয়ায় তার বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ হয়নি।
তবে বৃহস্পতিবার শুনানির ধার্য দিনে প্রদীপ কুমার দাশকে চট্টগ্রাম আদালতে হাজির করা হয়।
দুদকের আইনজীবী মাহমুদুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আসামি চুমকি করণের বিরুদ্ধে সাক্ষ্যগ্রহণ শুরু হয়েছে। তবে প্রদীপ কুমার দাশের বিষয়ে তার পক্ষে উচ্চ আদালতে আবেদন থাকায় সাক্ষ্যগ্রহণ হয়নি। তা পরে হবে।”
আগামী ২৪ ফেব্রুয়ারি মামলার পরবর্তী সাক্ষ্যগ্রহণের দিন ধার্য করেছে আদালত।
প্রদীপের আইনজীবী সমীর দাশগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ মামলার বাদী দুদক কর্মকর্তা রিয়াজ উদ্দিন সাক্ষ্য দিয়েছেন। তাকে পরবর্তীতে জেরার আবেদন করব আদালতে।”
সিনহা হত্যা মামলায় প্রদীপ গ্রেপ্তার হওয়ার পর ২০২০ সালের ২৩ অগাস্ট দুদকের সহকারী পরিচালক মো. রিয়াজ উদ্দিন বাদী হয়ে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে প্রদীপ ও তার স্ত্রী চুমকি কারণের বিরুদ্ধে মামলা করেন। এরপর ১৫ ডিসেম্বর অভিযোগ গঠন হয় চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালতে।
সেদিন পলাতক আসামি চুমকির বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়।
গত ১৩ জানুয়ারি হাইকোর্টে ফৌজদারি কার্যবিধির ৫৬১ (এ) ধারায় এ মামলায় অভিযোগ গঠনের বিপরীতে আদেশ চেয়ে একটি আবেদন করা হয় প্রদীপের পক্ষে।
কক্সবাজারের টেকনাফের কাছে শামলাপুর চেকপোস্টে ২০২০ সালের ৩১ জুলাই রাতে পুলিশের গুলিতে নিহত হন সেনাবাহিনীর অবসরপ্রাপ্ত মেজর সিনহা মোহাম্মদ রাশেদ খান।
ওই মামলায় গত ৩১ জানুয়ারি কক্সবাজার জেলা আদালতের দেওয়া রায়ে পরিদর্শক লিয়াকত আলী ও সাবেক ওসি প্রদীপ কুমার দাশের মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে।
আরও পড়ুন
