সেবা কেন্দ্র খুললো চট্টগ্রামের পুলিশ
চট্টগ্রামে একটি ‘সেবা কেন্দ্র’ চালু করেছে মহানগর পুলিশ, যেখানে হারানোর ঘটনায় জিডি যেমন করা যাবে, ট্রাফিক বিভাগের মামলা সংক্রান্ত বিভিন্ন সেবাও মিলবে।
নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর বৃহস্পতিবার আগ্রাবাদের বাদামতলী মোড়ে ‘সিএমপি সার্ভিস সেন্টার’ নামে এ সেবা কেন্দ্রের উদ্বোধন করেন।
অতিরিক্ত উপ-কমিশনার (জনসংযোগ) শাহাদাৎ হুসেন রাসেল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, পুলিশি সেবাকে নগরবাসীর কাছে আরও সহজে পৌঁছে দেওয়ার জন্য সেবাকেন্দ্রটি তৈরি করা হয়েছে। গুরুত্ব বিবেচনায় পর্যায়ক্রমে আরও কয়েকটি স্থানে এ ধরনের কেন্দ্র স্থাপন করা হবে।
“কোনো ব্যক্তি তার মোবাইল কিংবা গুরুত্বপূর্ণ নথিপত্র হারিয়ে ফেললে থানায় না গিয়ে সার্ভিস সেন্টারেই জিডি করতে করতে পারবেন, যা অনলাইনের মাধ্যমে সংশ্লিষ্ট থানায় চলে যাবে। পরে আবেদনকারী সার্ভিস সেন্টার থেকেই জিডির কপি সংগ্রহ করতে পারবেন।”
এছাড়া ট্রাফিক সংক্রান্ত যে কোনো মামলা এবং জব্দ করা গাড়ির কাগজপত্র সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করা যাবে বলেও জানান তিনি।
রাসেল জানান, ট্রাফিকের চার বিভাগের অধীনে কোনো গাড়ির বিরুদ্ধে মামলা কিংবা কাগজপত্র জব্দ করা হয়ে থাকে, তাহলে সেগুলো সংশ্লিষ্ট কার্যালয়ে না গিয়ে চালক-মালিকরা সার্ভিস সেন্টার থেকে সংগ্রহ করতে পারবেন। তবে এক্ষেত্রে নিজের জাতীয় পরিচয়পত্র ও নিজের নামে নিবন্ধন করা মোবাইল নম্বর সঙ্গে রাখতে হবে।
রবি থেকে বৃহস্পতিবার সকাল ৯টা থেকে বিকাল ৫টা পর্যন্ত ওই কেন্দ্রে সেবা মিলবে বলে নগর পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে।
অন্যদের মধ্যে অতিরিক্ত কমিশনার (ট্রাফিক) শ্যামল কুমার নাথ, অতিরিক্ত কমিশনার (অপরাধ ও অভিযান) শামসুল আলম উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
