চট্টগ্রামে প্রথম ক্যাটেল এক্সপো শুক্রবার
চট্টগ্রামে প্রথমবারের মতো আয়োজিত ক্যাটেল এক্সপো অনুষ্ঠিত হবে শুক্রবার এম এ আজিজ আউটার স্টেডিয়ামে।
বুধবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলনে প্রদর্শনীর বিস্তারিত তুলে ধরে উদ্যোক্তারা।
চট্টগ্রাম ক্যাটেল ফার্মাস কমিউনিটি নামের একটি সংগঠনের উদ্যোগে দিনব্যাপী এই মেলায় ৩২টি এগ্রো ফার্ম অংশ নেবে।
সংবাদ সম্মেলনে চট্টগ্রাম ক্যাটেল এক্সপো-২০২২ এর সভাপতি মোহাম্মদ আকতার হোসেন জ্যাকি বলেন, “শিক্ষিত তরুণ উদ্যোক্তারা পশু পালন খাতে সম্পৃক্ত হওয়ায় মাংসের জোগানে দেশ অনেকখানি স্বয়ংসম্পূর্ণ হয়ে উঠেছে।
“সরকারি প্রাণি সম্পদ অধিদপ্তরের মাধ্যমে প্রশিক্ষণ নিয়ে তরুণরা এ শিল্পে আসায় পুষ্টির চাহিদা মেটার পাশাপাশি কর্মসংস্থানও সৃষ্টি হচ্ছে।”
এক্সপো’র প্রধান সমন্বয়ক বোরহানুল হাসান চৌধুরী সালেহীন বলেন, এক্সপো হলেও এখানে কোনো পণ্যের বেচাকেনা হবে না। সম্পূর্ণ দেশি খাবার ব্যবহার করে প্রাকৃতিক উপায়ে পশু লালন পালনের অভিজ্ঞতা ও তথ্য উপাত্ত তুলে ধরা হবে এখানে।
“আমরা সারা বছরই নানা কারণে গরু কিনে থাকি। কিন্তু যে বিষয়টা লক্ষ্য করি না তা হল, পশু স্বাস্থ্যসম্মতভাবে মোটাতাজা করা হয়েছে কিনা। ফলে মানুষের স্বাস্থ্যের দীর্ঘমেয়াদি ক্ষতি হয়। এসব বিষয় এক্সপোতে জানানো হবে।”
মেলায় অংশগ্রহণকারী ৩২টি এগ্রো ফার্ম তাদের পালন করা ১০০টি ষাঁড় প্রদর্শন করবে।
এছাড়া থাকছে ক্যাটেল ফ্যাশন শো, প্রান্তিক চাষীদের সম্মাননা, এগ্রো শিল্পের তরুণ উদ্যোক্তাদের সাফল্যের গল্প ও সাংস্কৃতিক অনুষ্ঠান।
সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, এক্সপো কমিটির সদস্য সচিব ওয়াসিম আহমেদ সালাম, অর্থ সম্পাদক আবদুল্লাহ মো ইমরান, সদস্য রবিউল হাসান ও ইউনিট্রেড ইভেন্টস এর প্রধান নির্বাহী মুহাম্মদ ওসমান গণি।
