২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্যপ্রাণি চিকিৎসক ছাড়াই চলছে ডুলাহাজরা বঙ্গবন্ধু সাফারি পার্ক

বন্যপ্রাণী চিকিৎসক না থাকায় দুই সপ্তাহ ধরে কক্সবাজারের ডুলাহাজরা বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে দেখভাল করছেন কর্মচারী আর গৃহপালিত প্রাণির চিকিৎসা দেওয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

উত্তম সেনগুপ্ত, চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Feb 2022, 10:14 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

গাজীপুর সাফারি পার্কে প্রাণি মৃত্যুর ঘটনায় ডুলহাজারা সাফারি পার্কের চিকিৎসককে সেখানে বদলি করায় এ সংকট সৃষ্টি হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

জানুয়ারি মাসে গাজীপুরের শ্রীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে ১১টি জেব্রা ও একটি বাঘ মারা যায়। পরে এই মৃত্যুর কারণ উদঘাটন এবং আবহেলা থাকলে তা শনাক্ত করার জন্য একটি তদন্ত কমিটি করা হয়।

কমিটির সুষ্ঠু তদন্তের স্বার্থে গত ৩১ জানুয়ারি পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা সহকারী বন সংরক্ষক তবিবুর রহমান ও সাফারি পার্কের ভেটেরিনারি অফিসার ডা. হাতেম সাজ্জাদ মো. জুলকারনাইনকে বন অধিদপ্তরের সদর দপ্তরে সংযুক্ত করা হয়।

তবিবুর রহমানের স্থলে ফরিদপুর বন বিভাগের সহকারী বন সংরক্ষক রফিকুল ইসলামকে ভারপ্রাপ্ত কর্মকর্তা এবং ডা. হাতেম সাজ্জাদের স্থলে কক্সবাজারের ডুলহাজারা ভেটেরিনারি অফিসার ডা. মোস্তাফিজুর রহমানকে দায়িত্ব দেওয়া হয়।

ডুলহাজরা সাফারি পার্ক সংশ্লিষ্ট একজন কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “গাজীপুর সাফারি পার্কে প্রাণি মৃত্যুর ঘটনার পর থেকে আমরা আতঙ্কিত আছি। কখন কোন ধরনের সমস্যা ডুলহাজরাতেও সৃষ্টি হয়।

“পার্কের প্রাণিদের নিয়মিত চিকিৎসকের তদারকিতে রাখা উচিত। যাতে সমস্যা দেখা দিলেই চিকিৎসাসেবা দেওয়া যায়। কিন্তু প্রায় দুই সপ্তাহ ধরে চিকিৎসক না থাকায় প্রাণি রক্ষণাবেক্ষণে বেগ পেতে হচ্ছে।”

চট্টগ্রাম বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের বন কর্মকর্তা রফিকুল ইসলাম চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এখনও পর্যন্ত ডুলহাজারা সাফারি পার্কের তেমন কোনো সমস্যা দেখা যায়নি।

“প্রাণিদের খাদ্য পরিবেশন থেকে সবকিছুতেই আমরা সতর্কতা অবলম্বন করছি। প্রাণি রক্ষণাবেক্ষণের সঙ্গে সম্পৃক্ত আমাদের কর্মচারীরা চিকিৎসকের সাথে থেকে কিছু বিষয় আয়ত্ত করেছে।

“প্রাথমিক বিষয়গুলো তারা দেখভাল করছে এবং দুই-এক দিন পরপর চকরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা এসেও বিভিন্ন সহায়তা করছেন।”

নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা বলেন, “লাইভস্টক কর্মকর্তারা মূলত গৃহপালিত প্রাণি চিকিৎসার জন্য অভিজ্ঞ। বন্য প্রাণি ও গৃহপালিত পশুর আচরণগত কিছু পার্থক্য আছে। সাফারি পার্কের জন্য বন্যপ্রাণি বিশেষজ্ঞ চিকিৎসক দরকার।” 

বন কর্মকর্তা রফিকুল ইসলাম বলেন, “ভেটেরিনারি সার্জন মোস্তাফিজুর রহমান দীর্ঘদিন ডুলাহাজরা সাফারি পার্কে ছিলেন। যার কারণে প্রাণিগুলো সম্পর্কে ওনার ভালোই জানাশোনা ছিল।

“সেজন্য ভিডিও কনফারেন্সের মাধ্যমে প্রায় সময়ই ওনার (সাবেক সার্জন) সঙ্গে যোগাযোগ করে পরামর্শ নেওয়া হচ্ছে।”

এদিকে চকরিয়া উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডা. সুপন নন্দী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “অতিরিক্ত দায়িত্ব হিসেবে সমন্বয়ের মাধ্যমে সাফারি পার্কে প্রাণিগুলোর চিকিৎসা সংক্রান্ত দেখভাল করার জন্য আমি সেখানে যাই।

“তবে সাফারি পার্কের প্রাণিদের চিকিৎসায় বন্যপ্রাণি নিয়ে অভিজ্ঞতা আছে এমন একজন ভেটেরিনারি সার্জন সার্বক্ষণিক দরকার। সাফারি পার্কে গিয়ে সেখানকার সাবেক ভেটেরিনারি সার্জনের সঙ্গে যোগাযোগ করেই চিকিৎসা দিয়ে থাকি।”

তিনি বলেন, “বন্য প্রাণি বিষয়ে আমাদের পড়াশোনা থাকলেও অভিজ্ঞতা তেমন নেই। যেমনটা আমাদের আছে গৃহপালিত প্রাণি নিয়ে। একই ভাবে বন্য প্রাণি নিয়ে যারা কাজ করেন তাদের কাছে গৃহপালিত পশুর বিষয়ে অভিজ্ঞতা নেই।

“আশা করছি দ্রুত সময়ের মধ্যে সাফারি পার্কে বন্য প্রাণি বিশেষজ্ঞ একজন ভেটেরিনারি সার্জন নিয়োগ করা হবে।”

এদিকে দ্রুত সময়ের মধ্যে ডুলাআহাজরা সাফারি পার্কে ভেটেরিনারি সার্জন পদায়নের জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে চিঠি দেওয়া হয়েছে বলে জানান বন্যপ্রাণি ব্যবস্থাপনা ও সংরক্ষণ কর্মকর্তা রফিকুল ইসলাম।

কক্সবাজারের দক্ষিণ বনবিভাগের অধীনে ফাসিয়াখালী রেঞ্জে ৮০’র দশকে গড়ে তোলা হরিণ প্রজনন কেন্দ্রকে ১৯৯৯ সালে সাফারি পার্কে রূপান্তর করা হয়।

৯০০ হেক্টর জায়গা নিয়ে গড়ে তোলা এ সাফারি পার্কের অভ্যন্তরীণ বেষ্টনীর মধ্যে রয়েছে বাঘ, সিংহ, জেব্রাসহ বিভিন্ন ধরনের ৩০৬ ধরনের প্রাণি। তার বাইরে আছে বিভিন্ন ধরনের আরও কিছু প্রাণি।