প্রেমিকের সন্দেহের ‘বলি’ গৃহবধূ
সন্দেহের বশে ছেড়ে চলে যান স্বামী, পরে সম্পর্কে জড়ান শ্বশুরবাড়ির প্রতিবেশী যুবকের সঙ্গে; সেই প্রেমিকেরও সন্দেহের ‘বলি’ হয়েছেন তিন সন্তানের জননী বলে জানিয়েছে চট্টগ্রামের পুলিশ।
বন্দরনগরীর একটি আবাসিক হোটেল থেকে এক নারীর গলাকাটা লাশ উদ্ধারের ঘটনায় ঢাকা থেকে এক যুবককে গ্রেপ্তারের পর এসব তথ্য জানান চট্টগ্রাম নগর পুলিশের উপ কমিশনার (পশ্চিম) আব্দুল ওয়ারীশ।
নিহত গৃহবধূর নাম শাহিদা ইসলাম সুমি (৩৫)। তাকে হত্যার অভিযোগে গ্রেপ্তার করা হয়েছে আশরাফুল ইসলাম সুজন (২৬)।
পুলিশ জানায়, গত ১০ ফেব্রুয়ারি রাতে চট্টগ্রামের হালিশহর থানার বড়পুল আগ্রাবাদ এক্সেস রোডের ‘রোজ উড’ নামে একটি আবাসিক হোটেল থেকে গলা ও পেটে ছুরিকাঘাতে নিহত এক নারীর লাশ উদ্ধার করা হয়।
পুলিশ জানায়, সুজন থাকতেন ঢাকার উত্তরার ৬ নম্বর সেক্টরে। টঙ্গীর একটি কলেজের স্মাতকোত্তর শ্রেণির এ শিক্ষার্থী উত্তরার একটি বেসরকারি হাসপাতালে খণ্ডকালীন চাকরি করতেন। তার বাড়ি নোয়াখালীর সেনবাগ উপজেলায়।
এ মামলার তদন্ত করতে গিয়ে সোমবার ভোরে পুলিশ ঢাকার আশুলিয়া থানার দক্ষিণ গাজীর চট এলাকা থেকে সুজনকে গ্রেপ্তার করার কথা জানান উপকমিশনার আব্দুল ওয়ারীশ।
গ্রেপ্তার সুজনকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে সিএমপি সদর দপ্তরে সংবাদ সম্মেলনে তিনি বলেন, তিন সন্তানের জননী সুমির সঙ্গে বিভিন্ন সন্দেহের কারণে স্বামীর সঙ্গে দূরত্ব সৃষ্টি হয়। যে কারণে তিনি হালিশহর থানার সি-ব্লকের বিহারী কবরস্থানের পাশের গলিতে একটি ভবনে বাবা-মার সঙ্গে থাকতেন সন্তানদের নিয়ে।
“দুই বছর আগে নোয়াখালীর শ্বশুরবাড়ির প্রতিবেশী আশরাফুলের সঙ্গে সম্পর্কে জড়ান শাহিদা। বিভিন্ন সময়ে আশরাফুল ঢাকা থেকে চট্টগ্রামে এসে তার সঙ্গে দেখা করতেন। কিন্তু সম্প্রতি আশরাফুলেরও সন্দেহ হয় শাহিদা অন্য কারো সঙ্গে সম্পর্কে জড়িয়েছে।”
উপ কমিশনার ওয়ারীশ বলেন, গত ১০ ফেব্রুয়ারি সকালে ঢাকা থেকে চট্টগ্রামে এসে সুমিকে স্ত্রী পরিচয়ে রোজ উড হোটেলে ওঠেন।
“খুনের পরিকল্পনা করে সুজন ঢাকা থেকে আসার সময় ছুরি ও ঘুমের ওষুধ নিয়ে এসেছিলেন। সুমিকে হোটেল রুমে নিয়ে ঘুমের ওষুধ মিশ্রিত পানীয় পান করান। এ সময় সে অচেতন হয়ে পড়লে ছুরি দিয়ে গলা ও পেটে আঘাত করে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যান।”
সুজন নিজের পরিচয় আড়াল করার চেষ্টা করে জানিয়ে ঊর্ধ্বতন এ পুলিশ কর্মকর্তা বলেন, হোটেলে ওঠার সময় ভুয়া জাতীয় পরিচয়পত্র দিয়ে কামরুল হাসান (২৩) নাম দিয়ে আসল পরিচয় গোপন করে; যেখানে তার ঠিকানা উল্লেখ করা হয় কুমিল্লার বরুড়া। পাশাপাশি ওই নারীর কোনো পরিচয় হোটেলের রেজিস্টারে উল্লেখ করেননি।
পরে ঢাকায় গিয়ে সুজন আশুলিয়ার দক্ষিণ গাজীর চটে তার দুলাভাইয়ের বাসায় আত্মগোপন করে ছিলেন।
ওয়ারীশ বলেন, হোটেল কর্তৃপক্ষ আসামি ও ভিকটিমের মাস্কবিহীন কোনো ছবি না রাখায় এবং জাতীয় পরিচয়পত্র যাচাই না করায় তাৎক্ষনিকভাবে তাদের পরিচয় শনাক্ত করা সম্ভব হয়নি।
পরে ওই নারীর পরিচয় জানার সূত্র ধরে সুজনকে চিহ্নিত ও তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেপ্তার করা হয়।
