২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ব্যাংকের সিল-সই জাল করে প্রতারণা, যুবক গ্রেপ্তার

ব্যাংকে টাকা জমার সিল ও সই ‘জাল করে’ পাওনা অর্থ পরিশোধের নামে প্রতাণার মামলায় চট্টগ্রামে এক যুবককে গ্রেপ্তারের পর আরও জালিয়াতির প্রমাণ বেরিয়ে এসেছে।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 09:02 PM

Updated : 25 Oct 2022, 10:14 AM

নগরীর খুলশী থানার ঝাউতলা এলাকার বাসা থেকে রোববার রাতে মজিবুর রহমান ওরফে হান্নানকে (২৭) গ্রেপ্তার করে পুলিশ। তার বাড়ি ফেনীর ছাগলনাইয়া উপজেলায়।

পুলিশ জানায়, বেসরকারি বিশ্ববিদ্যালয় থেকে ব্যবসায় প্রশাসনে স্মাতক পাশ হান্নান মালামাল পরিবহনের ব্রোকার হিসেবে কাজের সূত্র ধরে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের সঙ্গে প্রতারণা করে আসছিলেন।

গ্রেপ্তারের পর হান্নানের বাসা থেকে ইসলামী ব্যাংক বাংলাদেশ লিমিটেডের টাকা জমার দুটি ভুয়া সিল উদ্ধার করা হয় বলে জানান পতেঙ্গা থানার ওসি কবির হোসেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “হান্নান বিভিন্ন ব্যক্তি বা প্রতিষ্ঠানকে নানা ধরনের সামগ্রী সরবরাহ করার কথা বলে অগ্রীম টাকা গ্রহণ করলেও তা পাঠাতেন না।

“পরে মালিক বা প্রতিনিধি তার সাথে যোগাযোগ করলে টাকা পরিশোধের কথা বলে ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়ে নিতেন। জাল সিল ও স্বাক্ষর বসিয়ে ব্যাংক জমার ভুয়া স্লিপ পাঠিয়ে দিতেন।”

ওসি জানান, গত মাসে পতেঙ্গায় স্থাপনা নির্মাণ প্রতিষ্ঠান ম্যাক্স গ্রুপের ‘হর্স ইয়ার্ড’ থেকে মানিকগঞ্জে তাদের আরেকটি প্রতিষ্ঠানে প্রায় সাড়ে ১৭ টন এমএস শিট পাঠাতে ট্রাক ও পিকআপ ঠিক করে দেয় হান্নান।

সে অনুযায়ী গত ১১ জানুয়ারি হান্নানের ভাড়া করে দেওয়া একটি ট্রাক ও পিকআপ পতেঙ্গা ‘হর্স ইয়ার্ড’ থেকে শিটগুলো নিয়ে মানিকগঞ্জ রওনা দেয়। ট্রাকটি পরদিন গন্তব্যে পৌঁছালেও পিকআপ পৌঁছায়নি।

ম্যাক্স গ্রুপের যে কর্মকর্তা গাড়ি ভাড়া করতে হান্নানের সঙ্গে যোগাযোগ করেছিলেন, তিনি এ বিষয়ে জানতে চাইলে পথে গাড়ি নষ্ট হয়ে যাওয়ার ‘অজুহাত দেয়’ এবং পৌঁছে যাওয়ার আশ্বাস দেন।

পুলিশ কর্মকর্তা বলেন, “দুই দিন পরও পিকআপটি না পৌঁছানোয় তিনি আবারও যোগাযোগ করলে হান্নান জানান চালক মালামাল বিক্রি করে পালিয়ে গেছে। মালামালের ক্ষতিপূরণের টাকা সে পরিশোধ করে দেবে। 

“পিকাআপের চার হাজার ১৬০ কেজি এমএস শিট বাবদ চার লাখ ৭০ হাজার টাকা ক্ষতিপূরণ দেওয়ার জন্য হান্নান ম্যাক্স গ্রুপের একটি ব্যাংক অ্যাকাউন্ট নম্বর চেয়েছিলেন।

“ম্যাক্স গ্রুপের পক্ষ থেকে ইউসিবিএল ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর দেওয়ার পর হান্নান সিটি ব্যাংকের অ্যাপ থেকে ফান্ড ট্রান্সফার করা হয়েছে জানিয়ে তাদের একটি ভুয়া এসএমএস এর স্ক্রিন শট পাঠান।”

কিন্তু টাকা জমা না হওয়ায় হান্নানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করে না পেয়ে ২৫ জানুয়ারি পতেঙ্গা থানায় মামলা করেন ম্যাক্সের পতেঙ্গা এলিভেটেড এক্সপ্রেসওয়ে ইনভেন্টরি ম্যানেজার মোহাম্মদ আশরাফুল ইসলাম।

ওই মামলায় হান্নানকে গ্রেপ্তার করা হয় জানিয়ে ওসি কবির হোসেন বলেন, ম্যাক্স গ্রুপের শিটগুলো তিনি ‘আলী কাটিং ওয়ার্কস’ নামে একটি প্রতিষ্ঠানের কাছে বিক্রি করে দিয়েছিল।

“ম্যাক্স গ্রুপের চুরি করা মালামাল উদ্ধার করতে গিয়ে আমরা জানতে পারি যে প্রতিষ্ঠানের কাছে হান্নান এমএস শিটগুলো বিক্রি করেছে তাদের সাথেও জালিয়াতি করেছে।

“শিটগুলো বিক্রি করার সময় হান্নান মের্সার্স হোসেন ট্রেডিং করপোরেশন নামে একটি প্রতিষ্ঠানের নাম ঠিকানা বসিয়ে ভুয়া ক্রয় রশিদ, ডেলিভারি চালান, ওয়ে বিল, কমিউটার স্কেল স্লিপ তৈরি করেছিল।” 

ওসি কবির হোসেন বলেন, “হান্নানকে ধরতে তথ্য প্রযুক্তির সহায়তা নেওয়া হয়। তার মোবাইল কল রেকর্ডে যে ব্যক্তির সঙ্গে সবচেয়ে বেশি কথা বলার তথ্য পাওয়া যায় তদন্তে দেখা যায় তিনিও এক জন ‘ভিকটিম’।”

ওসি জানান, আকবর শাহ থানার সিটি গেইট এলাকায় ওই ব্যক্তির ‘নিউ বিসমিল্লাহ ফার্নিচার এন্টারপ্রাইজ’ নামে একটি দোকান আছে। হান্নান তাকে খাট সরবরাহের কথা বলে আগাম ৮০ হাজার টাকা নিয়েছিল।

“নির্দিষ্ট সময়ে খাট সরবরাহ না করায় ওই ব্যক্তি হান্নানের সঙ্গে যোগাযোগ করলে সে ইসলামী ব্যাংকের একটি অ্যাকাউন্ট নম্বর চেয়ে নেয় টাকা পরিশোধের জন্য।

“পরে তাকে ব্যাংকের সিলসহ একটি জমা স্লিপ পাঠান। কিন্তু ওই ব্যক্তি তার অ্যাকাউন্টে টাকা জমা না হওয়ায় আকবর শাহ থানায় একটি মামলা করেন।”

এদিকে ভুয়া ব্যাংক সিল উদ্ধারের ঘটনায় হান্নানের বিরুদ্ধে খুলশী থানায় পুলিশ বাদী হয়ে আরেকটি প্রতারণার মামলা করেছে বলে জানান পুলিশ কর্মকর্তা।