২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্গম এলাকার ফলাফলে পিছিয়েছে চট্টগ্রাম বোর্ড

পার্বত্য জেলাগুলোর দুর্গম এলাকার শিক্ষার্থীদের আশানুরূপ ফল না হওয়ার কারণেই এইচএসসিতে চট্টগ্রাম শিক্ষাবোর্ডে এবার সবচেয়ে ভালো পাশের হারের পরও সবার পেছনে পড়েছে বলে জানালেন বোর্ড কর্মকতারা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 12:07 AM

Updated : 02 Aug 2022, 02:55 PM

তদের ভাষ্য, প্রতিবারই তিন পার্বত্য জেলার ফল এমনিতেই পিছিয়ে থাকে। এবার হার বাড়লেও সামগ্রিক ফলের ক্ষেত্রে রাঙামাটি, খাগড়াছড়ি, বান্দরবান ও কক্সবাজারের ফল হার কমার ক্ষেত্রে প্রভাব ফেলেছে।

চট্টগ্রাম শিক্ষাবোর্ডে ২০২১ সালে হওয়া এইচএসসি পরীক্ষায় পাশ করেছে ৮৯ দশমিক ৩৯ শতাংশ শিক্ষার্থী। জিপিএ-৫ পেয়েছে ১৩ হাজার ৭২০জন। সাম্প্রতিক সময়ে এইচএসসির ফলে পাশ ও জিপিএ-৫ প্রাপ্তির দিক থেকে এটাই সর্বোচ্চ।

অথচ এবারের পাশের হারে কারিগরি ও মাদ্রাসাসহ ১১টি বোর্ডের মধ্যে চট্টগ্রামের অবস্থান সবার শেষে। দুর্গম পার্বত্য জেলাগুলোকে ফল খারাপের জন্য দায়ী করলেও এ বোর্ডের পাঁচ জেলার মধ্যে বান্দরবানেই পাশের হার সবচেয়ে বেশি।

জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক নারায়ন চন্দ্র নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম শিক্ষাবোর্ডের অধীনে পাঁচটি জেলা রয়েছে। এর মধ্যে তিন পার্বত্য জেলার অধিকাংশ এলাকা দুর্গম।

“প্রতিবছরই দুর্গম এলাকার ফলাফল একটু পিছিয়ে থাকে। সেখানে ঝরে পড়ার হারও বেশি, এবার পাশের হার বাড়লেও সেখানে সে অনুপাতে বাড়েনি। সেকারণে সামগ্রিক পাশের হারে প্রভাব পড়েছে।”

তবে এই ফলাফলকে ইতিবাচকভাবে দেখতে চান শিক্ষাবোর্ডের এই কর্মকর্তা।

চট্টগ্রাম বোর্ডে এবার ৯৯ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী অংশ নিয়ে পাশ করেছে ৮৯ হাজার ৬২ জন। ২০২০ সালে কোভিড মহামারির কারণে এইচএসসি পরীক্ষা হয়নি। জেএসসি ও এসএসসির ফলের ভিত্তিতে সেবারের ফল নির্ধারণ হয়েছিল। জিপিএ-৫ পেয়ছিল মোট ১২ হাজার ১৪৩ জন।

২০১৯ সালের এইচএসসির ফলে পাশের হার ছিল ৬২ দশমিক ১৯ শতাংশ, আগের বছর ২০১৮ সালে এ হার ছিল ৬২ দশমিক ৭৩ শতাংশ, ২০১৭ সালে পাশের হার ছিল ৬১ দশমিক ০৯ শতাংশ।

এবারের ফলাফলে চট্টগ্রাম মহানগরে পাশ করেছে ৯৩ দশমিক ৬২ শতাংশ শিক্ষার্থী। মহানগর ছাড়া জেলায় পাশের হার ৮৮ দশমিক ২২ শতাংশ। চট্টগ্রাম জেলায় এ হার ৯০ দশমিক ৭২ শতাংশ।

তিন পার্বত্য জেলার মধ্যে রাঙামাটিতে ৮১ দশমিক ৬২ শতাংশ, খাগড়াছড়ি ৮৩ দশমিক ২১, বান্দরবানে ৯১ দশমিক ৭৩ শতাংশ পাশ করেছে। পর্যটন জেলা কক্সবাজারে ৮৬ দশমিক ৮৮ শতাংশ শিক্ষার্থী পাশ করেছে এবার।

২০১৯ সালে রাঙামাটির ৪৫ দশমিক ৫০ শতাংশ, খাগড়াছড়ির ৪৯ দশমিক ৯৩ শতাংশ, বান্দরবানের ৫৯ দশমিক ৭১ শতাংশ এবং কক্সবাজারের ৫৪ দশমিক ৩৯ শতাংশ পরীক্ষার্থী এইচএসসি পাশ করে।

কোভিড মহামারীর মধ্যে এবার এইচএসসি পরীক্ষার্থীরা সীমিত সূচিতে গুচ্ছ বিষয়ের পরীক্ষায় অংশ নিয়েছে। এতে ইংরেজি আবশ্যিক বিষয়ের পরীক্ষা ছিল না।

ফলাফলে পিছিয়ে থাকার জন্য পাহাড়ি দুর্গম এলাকার পিছিয়ে পড়া শিক্ষার্থীদের পাশাপাশি ইংরেজিতে খারাপ ফলকে বরাবরই দায়ী করেন বোর্ড কর্মকর্তারা। কিন্তু সামগ্রিক ফলে এবার কেন পিছিয়ে, উঠেছে সে প্রশ্ন।

অধ্যাপক নারায়ণ চন্দ্র নাথ বলেন, “যদি ইংরেজি বিষয় থাকত তাহলে ফলাফল হয়তো আরও পিছিয়ে যেত। কিন্তু প্রতিবারই পাহাড়ের তিন জেলার ফল সমতলের দুই জেলার তুলনায় কম থাকে।

“সেকারণে সামগ্রিক ফলে কিছুটা হয়তো পিছিয়ে থাকি। তবে ভালো ফল করার জন্য পাহাড়ি জেলাগুলো নিয়ে বিশেষ উদ্যোগ নেওয়া দরকার। সেসব জায়গা এগিয়ে আনা তুলনামূলক কঠিন।”  

চট্টগ্রাম বোর্ডর তথ্য অনুযায়ী, এবার ছাত্র পাশের হার ৮৬ দশমিক ৮৯ শতাংশ এবং ছাত্রী পাশের হার ৯১ দশমিক ৮৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে সাত হাজার ৬৭০ ছাত্রী এবং জিপিএ-৫ পাওয়া ছাত্রের সংখ্যা ছয় হাজার ৫০জন।

এবারের এইচএসসিতে চট্টগ্রামে বিভাগভিত্তিক ফলাফলে এগিয়ে আছে বিজ্ঞানের শিক্ষার্থীরা। এ বিভাগে পাসের হার ৯২ দশমিক ২০ শতাংশ। মানবিকে ৮৮ দশমিক ৭৬ শতাংশ ও ব্যবসায় শিক্ষায় এ হার ৮৮ দশমিক ৫৮ শতাংশ।

চট্টগ্রাম বোর্ডে কেউ পাশ করেনি এমন কলেজের সংখ্যা এবার দুটি। শতভাগ পাশ করেছে ১৬ কলেজের শিক্ষার্থীরা।

জিপিএ-৫ প্রাপ্তির দিক দিয়ে শীর্ষ তিন কলেজ হল- সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজ (১২৮৫জন), সরকারি সিটি কলেজ (১০৪১জন) ও চট্টগ্রাম কলেজ (৯২৮জন)।

আরও পড়ুন

পাসের হারে সবচেয়ে পিছিয়ে চট্টগ্রাম বোর্ড