২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে একটি বসন্ত উৎসব খোলা মাঠে, অন্য দুটি বদ্ধ ঘরে

করোনাভাইরাস সংক্রমণ নিয়ন্ত্রণে চলমান বিধিনিষেধে চট্টগ্রামে দুটি সাংস্কৃতিক সংগঠন খোলা জায়গায় বসন্ত উৎসব আয়োজনের অনুমতি পায়নি। অন্য একটি সংগঠন খোলা মাঠে উৎসব আয়োজনের অনুমতি পেলেও তা পরিসরে কমে ঠেকেছে এক বেলায়।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Feb 2022, 12:03 AM

Updated : 02 Aug 2022, 02:55 PM

এবার তাই বন্দর নগরীতে বসন্ত উৎসবের আয়োজন মিলনায়তনের চার দেয়ালে আর সীমিত পরিসরে। যদিও নগরীতে মেলা-খেলাসহ নানা সামাজিক অনুষ্ঠান আয়োজনে বিধি নিষেধের কড়াকড়ি ততটা দৃশ্যমান নয়। ফলে বিধি নিষেধ প্রয়োগ করে সাংস্কৃতিক কর্মকাণ্ডকে গুরুত্বহীন করে রাখা হচ্ছে বলে মনে করেন সাংস্কৃতিক সংগঠকরা।

প্রমা আবৃত্তি সংগঠন ২০২১ সাল পর্যন্ত টানা চারবার নগরীর সিআরবি শিরীষ তলায় বসন্ত বরণ উৎসবের আয়োজন করেছিল। গত বছর উৎসব চলাকালে উচ্চস্বরে গান বাজনা করার অজুহাতে আয়োজনে বাধা দেয় রেলওয়ে কর্তারা।

এবার সিআরবি শিরীষ তলায় বসন্ত বরণ আয়োজনের অনুমতি চেয়েছিল প্রমা। তবে তাদের অনুমতি দেয়নি রেল কর্তৃপক্ষ। তাই সোমবার প্রমা’র বসন্ত বরণের আয়োজন চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু মিলনায়তনে।

প্রমার সভাপতি শিল্পী রাশেদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সিআরবিতে অনুমতি চেয়েও আমরা পাইনি। গতবার এবং ২০২০ সালেও সিআরবিতে আমাদের আয়োজনে বাধা দেয়ার চেষ্টা করা হয়।

“এবার স্বাস্থ্যবিধির কারণে ওপেন স্পেস এ অনুষ্ঠানের অনুমতি দেওয়া হচ্ছে না বলে জানানো হয়েছে। কিন্তু অন্য সবকিছুতেই অনুমতি মিললেও সাংস্কৃতিক কর্মকান্ডে অনুমতি দিচ্ছে না। যদি স্বাস্থ্যবিধি মানতে হয় সব ক্ষেত্রেই তা মানা উচিত।”

তিনি বলেন, “উন্মুক্ত স্থান বরং নিরাপদ। বদ্ধ জায়গার চেয়ে খোলা জায়গায় স্বাস্থ্যবিধি মেনে চলা সহজ ও কার্যকর।

বোধন আবৃত্তি পরিষদের একাংশ নগরীর থিয়েটার ইন্সটিটিউটে দিনব্যাপী বসন্ত উৎসবের আয়োজন করেছে। ২০২১ এ তাদের আয়োজন ছিল সেখানকার মুক্তমঞ্চে। এবার আয়োজনের প্রথম পর্ব মুক্তমঞ্চে এবং পরের পর্ব মিলনায়তনে হবে।

বোধন আবৃত্তি পরিষদের সাধারণ সম্পাদক প্রণব চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আগে আমরা ডিসি হিলে উৎসবের আয়োজন করতাম। ২০২০ সালে করেছিলাম আন্দরকিল্লা এলাকায় উন্মুক্ত স্থানে। এবার ডিসি হিলে অনুমতি চেয়েও পাইনি।

“পরে থিয়েটার ইন্সটিটিউট মিলনায়তনে আয়োজনের সিদ্ধান্ত নিই। স্বাস্থ্যবিধির কারণে অনুমতি দেওয়া সম্ভব নয় বলে জানানো হয় জেলা প্রশাসন থেকে।”

প্রণব চৌধুরী বলেন, “অথচ চট্টগ্রাম নগরীতেই এই স্বাস্থ্যবিধি জারির পর থেকে নানা রকম মেলা হয়েছে। প্রতিদিনই কোনো না কোনো বড় আয়োজন হচ্ছে। সবই চলছে, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডে বিধি নিষেধ দেওয়া।

“নানা কারণের কথা বলে ডিসি হিলে বহু বছর ধরে আমরা কোনো অনুষ্ঠান করতে পারছি না। সিআরবির পরিস্থিতি তো সারাদেশের মানুষ জানে। এভাবে চললে ৫ বছর পর চট্টগ্রামে আদৌ সাংস্কৃতিক কর্মকাণ্ড থাকবে কিনা, জানি না।”

বোধন আবৃত্তি পরিষদ চট্টগ্রাম নামের সংগঠনের আরেকাংশ প্রতিবারের মতো এবারও নগরীর পাহাড়তলী শেখ রাসেল পার্কে উৎসবের আয়োজন করেছে। তবে দিনব্যাপী আয়োজনের পরিধি কমে ঠেকেছে এক বেলায়। 

পরিষদের সভাপতি সোহেল আনোয়ার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ ও চট্টগ্রাম সিটি করপোরেশন স্বাস্থ্যবিধি মেনে আমাদের আয়োজনের অনুমতি দিয়েছে। এজন্য আমরা কৃতজ্ঞতা জানাই। তবে করোনা সংক্রমণ পরিস্থিতি ও স্বাস্থ্যবিধির বিষয়টি মাথায় রেখে আমরা পুরো দিনব্যাপী আয়োজন রাখছি না।”