২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রাতে কমতে পারে তাপমাত্রা

মাঘের শেষে এসে সারাদেশে রাতের তাপমাত্রা ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস কমতে পারে বলে আভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Feb 2022, 03:04 PM

Updated : 02 Aug 2022, 02:53 PM

আবহাওয়া অফিস জানিয়েছে, শুক্রবার চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় দেশের সর্বনিম্ন ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এছাড়া সন্দ্বীপ উপজেলার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৪ ডিগ্রি সেলসিয়াস; চট্টগ্রাম নগরীতে ১৬ ডিগ্রি সেলসিয়াস।

আগের দিন বৃহস্পতিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল কক্সবাজার জেলার টেকনাফে, ২৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস।

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “সীতাকুণ্ড পাহাড় বেষ্টিত হওয়ায় তাপমাত্রা বছরের এই সময়ে কিছুটা কম থাকে।

“গত সপ্তাহে বৃষ্টির পর তাপমাত্রা কিছুটা কমে গিয়েছিল। তখন সীতাকুণ্ডের ওপর দিয়ে মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছিল।”

সীতাকুণ্ড পর্যবেক্ষণাগারের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইমরান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ সকাল ৬টায় সর্বনিম্ন তাপমাত্রা ১১ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে।”

পতেঙ্গা আবহাওয়া অফিসের সহকারী আবহাওয়াবিদ বিশ্বজিৎ চৌধুরী জানান, ফেব্রুয়ারির তৃতীয় সপ্তাহ পর্যন্ত চট্টগ্রাম জেলার সর্বনিম্ন তাপমাত্রা ১২-১৬ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকবে। তারপর আবার বাড়তে পারে।

সীতাকুণ্ডের বাসিন্দারা জানান, শুক্রবার ভোরের দিকে সেখানে তাপমাত্রা কম ছিল। তবে বেলা বাড়ার সাথে তাপমাত্রা বেড়েছে। এমনকি রোদের দেখাও মিলেছে।

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, আকাশ অস্থায়ীভাবে আংশিক মেঘলা এবং আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

শেষ রাত থেকে সকাল পর্যন্ত সারাদেশে থাকতে পারে হালকা থেকে মাঝারি ধরনের কুয়াশা।