২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

রোগী সেজে অটোরিকশা ছিনতাই, বিক্রি করতে গিয়ে ধরা

চট্টগ্রামে হাসপাতালে যাওয়ার কথা বলে অটোরিকশা ভাড়া করেছিল তিনজন; পথে ছিনতাই করে বাহনটি বিক্রি করতে গিয়ে তাদের দুইজন ধরা পড়েছে পুলিশের হাতে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Feb 2022, 11:27 PM

Updated : 02 Aug 2022, 02:52 PM

বুধবার ভোরে বন্দরনগরীর বায়েজিদ বোস্তামী থানার আনন্দ বাজার এলাকা থেকে অটোরিকশাটি উদ্ধারের পাশাপাশি ওই দুজনকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার দুজন হলেন- মো. শাহাব উদ্দিন (২৪) ও মো. আলাউদ্দিন (৩৪)। তাদের বাড়ি হাটহাজারী উপজেলায়।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, তাদের একটি টহল দল ‘সন্দেহজনক মনে হওয়ায়’ অটোরিকশাটিকে থামায়।

“গাড়িতে থাকা দুই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করলে তারা অটোরিকশাটি বিক্রি করতে গ্যারেজে এনেছে বলে পুলিশকে জানায়। তাদের কাছ থেকে চালকের বিষয়ে জিজ্ঞাসাবাদ করলে তারা পরস্পরবিরোধী কথা বলতে থাকে।”

ওসি জানান, তাদের থানায় এনে গাড়ির পেছনে লেখা মালিকের নম্বরে ফোন করা হয়। মালিকের কাছ থেকে চালকের যে নাম পাওয়া যায়, সেটার সঙ্গে আটক করা ব্যক্তিদের নামের মিল নেই।

“মূল চালকের নম্বরে ফোন করা হলে সেটাও বন্ধ পাওয়া যায় এবং অটোরিকশায় থাকা দুইজনের কাছ থেকে বন্ধ একটি মোবাইল সেট পাওয়া যায়, যেটি ছিল চালকের সেই মোবাইল।”

ওসি কামরুজ্জামান বলেন, সকালে চালকের সন্ধান পেয়ে তাকে থানায় ডেকে আনা হয় এবং রোগী সেজে গাড়ি ছিনতাইয়ের বিষয়টি জানা যায়।

অভিযানে থাকা বায়েজিদ বোস্তামী থানার এসআই আজহারুল ইসলাম জানান, ভোর রাতে দুইজন মিলে গ্যারেজে অটোরিকশা আনার কারণে তাদের সন্দেহের বশে জিজ্ঞাসাবাদ করা হয়। এ সময় তারা গাড়িটি বিক্রি করতে চালক তাদের পাঠিয়েছে জানালে সন্দেহ আরও বেড়ে যায়। পরে তল্লাশিতে তাদের কাছে একটি মানিব্যাগ ও বন্ধ মোবাইল সেট পাওয়া যায়।

অটোরিকশার মূল চালকের বরাতে পুলিশ জানায়, মঙ্গলবার রাত ১১টার দিকে তিনজন লোক হাটহাজারী বাসস্ট্যান্ড থেকে বাইন্ন্যার হাটে রোগী নেওয়ার কথা বলে ২৫০ টাকায় অটোরিকশাটি ভাড়া করে।

বাইন্ন্যার হাটের কাছাকাছি যাওয়ার পর গাড়িতে থাকা একজন প্রস্রাব করার কথা বলে গাড়িটিকে থামাতে বলে। গাড়ি থামালে একজন নেমে চালকের গলায় ছুরি ধরে তাকে পেছনে নিয়ে যায়। আর একজন চালকের আসনে বসে যায়।

কিছুদূর ঘোরানোর পর তারা চালকের পরনের শার্ট খুলে মুখ বেঁধে ফেলে এবং নির্জন একটি স্থানে তাকে ফেলে দিয়ে গাড়ি নিয়ে চলে যায়।

ছিনতাইয়ের পরপর তিনজনের মধ্যে দুইজন অটো রিকশাটি বিক্রি করতে আনন্দ বাজার এলাকায় চলে যায় বলে পুলিশ জানায়।

ওসি কামরুজ্জামান বলেন, এ ঘটনায় একটি মামলা করা হয়েছে।