চট্টগ্রাম কাস্টমস হাউজ থেকে ইয়াবা-ফেনসিডিল উদ্ধার
চট্টগ্রাম কাস্টমস হাউজে পরিত্যক্ত কাগজের স্তূপ থেকে ইয়াবা ও ফেনসিডিল উদ্ধার করেছে পুলিশ।
সোমবার বেলা দুইটার দিকে কাস্টমস হাউজের দোতলায় পরিত্যক্ত অবস্থায় ১৫৮ পিস ইয়াবা ও দুই বোতল ফেনসিডিল পাওয়ার কথা জানান বন্দর থানার ওসি জাহিদুল কবীর।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাস্টমস হাউজের দোতলায় কাগজপত্রের স্তূপের ভেতর ইয়াবা ও ফেনসিডিল থাকার সংবাদ পেয়ে আমরা গিয়ে তা উদ্ধার করি।”
পুরাতন ও পরিত্যক্ত কাজের স্তুপে কে বা কারা এসব মাদক রেখেছে তা খতিয়ে দেখা হচ্ছে বলে জানান ওসি।
এ বিষয়ে চট্টগ্রাম কাস্টমস কর্তৃপক্ষের কোনো বক্তব্য পাওয়া যায়নি।
