সাইনবোর্ডে বাংলা না থাকায় ‘কালি লেপে’ জরিমানা আদায়
সাইনবোর্ডের লেখা বাংলা ‘না করায়’ কালি লেপে জরিমানা আদায়ের মাধ্যমে বন্দর নগরীতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান শুরু করেছে চট্টগ্রাম সিটি করপোরেশন- সিসিসি।
একুশে ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে নগরীর সব নামফলক বাংলায় প্রতিস্থাপনের ঘোষণা দেওয়ার পর বিভিন্ন ব্যবসা প্রতিষ্ঠানে এ অভিযান পরিচালনা করা হয়।
বুধবার অভিযানে নেমে বাংলা নামফলক না থাকায় ১২ প্রতিষ্ঠানকে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়। এসময় কালো কালি দিয়ে সাইনবোর্ড ঢেকে দেয় ভ্রাম্যমাণ আদালত ।
নির্বাহী ম্যাজিস্ট্রেট মারুফা বেগমের নেতৃত্বে নগরীর লালখান বাজার থেকে ওয়াসা মোড় পর্যন্ত এ অভিযান চলে বলে জানান চট্টগ্রাম সিটি করপোরেশনের জনসংযোগ কর্মকর্তা কালাম চৌধুরী।
এর আগে মঙ্গলবার নগরীতে ‘বাংলায় নামফলক প্রতিস্থাপন কর্মসূচি’ উদ্বোধনের পর একটি প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়। কর্মসূচির উদ্বোধনে এর বাস্তবায়নের জন্য সকলকে আহ্বান জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
“রাষ্ট্রভাষা আন্দোলন বাঙালির মাঝে জাতীয়তাবাদী চেতনার উম্মেষ ঘটিয়েছে। সেই চেতনাই জন্ম দিয়েছে বঙ্গবন্ধুর নেতৃত্বে স্বায়ত্বশাসন ও স্বাধিকার আন্দোলনের, যার মধ্য দিয়ে স্বশস্ত্র মুক্তিযুদ্ধে বিজয় অর্জনের মধ্য দিয়ে পেয়েছি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ।”
বাংলা ভাষার স্বাতন্ত্র্য, শুদ্ধতা এবং সৌন্দর্য অক্ষুন্ন রাখার লক্ষ্যে সক্রিয় থাকাই ভাষা শহীদদের শ্রদ্ধা জানানোর সবচেয়ে বড় উপায় হিসাবে বর্ণনা করেন মেয়র রেজাউল করিম।
তিনি বলেন,“আগামী ২১ ফেব্রুয়ারি আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের আগে নগরীর সকল সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান ও দোকানপাটসমূহের সাইনবোর্ড বাংলায় প্রতিস্থাপন করতে হবে।
“যদি এর মধ্যে কেউ এই নির্দেশনা প্রতিপালন না করেন তাহলে তাদের বিরুদ্ধে নির্বাহী ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জরিমানাসহ আইনগত ব্যবস্থাগ্রহণ করা হবে।”
তিনি বলেন, “সাবেক মেয়রের আমলে এ ব্যাপারে উদ্যোগ গ্রহণ করা হয়েছিল। কিন্তু পরবর্তীতে অদৃশ্য কারণে তা থেমে যায়। এবারও আমরা বিদেশি ভাষায় লিখিত বিভিন্ন প্রতিষ্ঠানের সাইনবোর্ড উচ্ছেদের ঘোষণা দিয়েছিলাম।
“সিটি মেয়রের আশ্বাসে আমরা উচ্ছেদ থেকে সরে আসি। আশা করি তিনি যে আশ্বাস দিয়েছেন তা ভাষা দিবসের আগেই বাস্তবায়ন করবেন।”
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সাবেক সংসদ সদস্য মাজহারুল হক শাহ চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা রাজা মিয়া, ডা. শাহ আলম ভূঁইয়া, তৌহিদুল আলম কাজল, হাসান মারুফ রুমি, আসমা আক্তার, ডা. আরকে রুবেল, শফিউদ্দিন কবীর আবিদ, প্রকৌশলী সিঞ্চন ভৌমিক, সুজন্ময় চৌধুরী, সাজ্জাদ হোসেন জাফর, মহিম উদ্দীন, সুজাদ্দৌলা বাবুল, ছাত্রলীগ নেতা লিটন চৌধুরী রিংকু, শাহরিয়ার নিলয় প্রমুখ।
‘বাংলায় নামফলক প্রতিস্থাপন কর্মসূচি’ উদ্বোধনের পর মঙ্গলবার ভ্রাম্যমান আদালতের অভিযানে নগরীর কাজীর দেউরীতে বাংলায় নামফলক না লেখায় এলিগ্যান্স সিরামিকসকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।
