২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ধর্ষণ মামলায় মাদরাসার সাবেক সুপারের যাবজ্জীবন

চট্টগ্রামে পাঁচ বছর আগে সহকারী শিক্ষিকাকে ধর্ষণের মামলায় একটি মাদরাসার সাবেক সুপারকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 10:06 PM

Updated : 28 Apr 2022, 11:34 PM

মঙ্গলবার চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্রুনাল-৪ এর বিচারক জামিউল হায়দার এ রায় দেন।

রায়ে দণ্ডপ্রাপ্ত মাওলানা নেজাম উদ্দিন চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার উত্তর ঢেমশা উম্মুলকোরা দাখিল মাদ্রাসার সাবেক সুপারিনটেনডেন্ট।

রাষ্ট্রপক্ষের আইনজীবী নিখিল কুমার নাথ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মাদরাসার সাবেক ওই শিক্ষক ঘটনার পর জামিন নিয়ে পলাতক আছেন।

তিনি বলেন, “আদালত সকল সাক্ষ্য-প্রমাণ শেষে মাদ্রাসার সহকারী শিক্ষিকাকে ধর্ষণের অভিযোগ প্রমাণিত হওয়ায় সুপারকে যাবজ্জীবন দণ্ডাদেশের সাথে ৫০ হাজার টাকা জরিমানাও করেছে।”

মামলার বিবরণে বলা হয়, ২০১৬ সালের জানুয়ারিতে উম্মুল কোরা দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষিকাকে বিয়ের কথা বলে প্রেম ও শারীরিক সম্পর্ক তৈরি করেন মাদ্রাসা সুপার নেজাম।

পরবর্তীতে ওই শিক্ষিকা অন্তঃসত্ত্বা হয়ে পড়লে ওই শিক্ষক তা অস্বীকার করেন।

এ ঘটনায় ২০১৬ সালের ২৬ সেপ্টেম্বর সহকারী শিক্ষিকা সুপারের বিরুদ্ধে ধর্ষণের মামলা করেন। মামলার তদন্ত শেষে ২০১৭ সালের ৮ ফেব্রুয়ারি অভিযোগপত্র দেয় পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন- পিবিআই।

পরবর্তীতে ২০১৮ সালের ১৯ ফেব্রুয়ারি আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করা হয়। মামলায় ছয়জনের সাক্ষ্য গ্রহণ শেষে এ রায় দেয় আদালত।