২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

সাতকানিয়ায় ভোটের সংঘাতে গেল একজনের প্রাণ

চট্টগ্রামের সাতকানিয়ায় দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের ইট ছোড়াছুড়ির মধ্যে একজনের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 01 Feb 2022, 08:10 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

মঙ্গলবার বিকালে উপজেলার ধর্মপুর ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ডে দুই চেয়ারম্যান প্রার্থীর সমর্থকদের মধ্যে এই সংঘর্ষ বাঁধে বলে পুলিশ ও স্থানীয়রা জানায়।

নিহত আনোয়ার হোসেন (৫৩) ধর্মপুর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের বাসিন্দা।

চট্টগ্রাম জেলার অতিরিক্ত পুলিশ সুপার (সাতকানিয়া সার্কেল) শিবলী নোমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, দুই পক্ষের ইট নিক্ষেপের ঘটনা ঘটে। এতে একজনের মৃত্যু হয়েছে।

তবে আনোয়ার কীভাবে মারা গেছে, সেটি খতিয়ে দেখা হচ্ছে বলে জানান তিনি।  

স্থানীয়রা জানায়, ৫ নম্বর ওয়ার্ডের চাঁদের পাড়া এলাকায় আনারস প্রতীকের স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী ইলিয়াছ চৌধুরী এবং নৌকা প্রতীকের নাসির উদ্দিন টিপুর সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়। এসময় মাটিতে লুটিয়ে পড়েন আনোয়ার। তাকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।

আনোয়ারকে নিজের সমর্থক দাবি করে স্বতন্ত্র প্রার্থী ইলিয়াছ চৌধুরী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ৫ নম্বর ওয়ার্ডে তার প্রচারের সময় টিপুর সমর্থকরা হামলা চালায়। তখন টিপুও সেখানে উপস্থিত ছিলেন।

হামলাকারীরা গুলিবর্ষণ করে বলেও অভিযোগ করেন তিনি।

ইলিয়াছের অভিযোগ অস্বীকার করে আওয়ামী লীগের প্রার্থী টিপু বলেন, “বিকালে আমি নির্বাচনী কার্যালয়ের সামনে বসে ছিলাম। এসময় ইলিয়াছ ও তার ভাইয়ের নেতৃত্বে তাদের অনুসারীরা আমাদের দিকে ইট নিক্ষেপ ও গুলি বর্ষণ করে। এসময় আমরা সবাই আত্মরক্ষার্থে দৌড়ে ঘটনাস্থল ত্যাগ করি।

“এসময় এক ব্যক্তি মাটিতে লুটিয়ে পড়তে দেখেছেন অনেকেই। আর তারাই (ইলিয়াছ সমর্থক) ওই ব্যক্তিকে সেখান থেকে নিয়ে যায়। পরে শুনেছি ওই ব্যক্তি মারা গেছে।”

ইউপি নির্বাচনের শেষধাপে আগামী ৭ ফেব্রুয়ারি  ধর্মপুর ইউনিয়নে ভোট হবে।

জানুয়ারিতে ভোটের সংঘাতে নিহত ২৯