সীতাকুণ্ডে শিপইয়ার্ডে শ্রমিকের মৃত্যু
চট্টগ্রামের সীতাকুণ্ডের শিপইয়ার্ডে পুরনো জাহাজ থেকে পড়ে এক শ্রমিকের মৃত্যু হয়েছে।
শীতলপুর এলাকার কবির স্টিল শিপব্রেকিং ইয়ার্ডে মঙ্গলবার ভোররাতে এ দুর্ঘটনা ঘটে বলে পুলিশ জানিয়েছে।
নিহত শ্রমিকের নাম আরিফুল ইসলাম সুজন (২৫)। তিনি সীতাকুণ্ড উপজেলার সোনাইছড়ি ইউনিয়নের ফুলতল এলাকার বাসিন্দা।
সীতাকুণ্ড থানার ওসি আবুল কালাম আজাদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, রাতে কাজ করার সময় জাহাজ থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলে তাকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সীতাকুণ্ডের উপকূলজুড়ে গড়ে ওঠা জাহাজ ভাঙার কারখানাগুলোতে অনিরাপদ পরিবেশে কাজের অভিযোগ বহু দিনের। বিভিন্ন সময়ে হওয়া দুর্ঘটনায় অনেক শ্রমিক মারা যায়। আবার অনেকে পঙ্গুত্ব বরণ করেন।
চট্টগ্রামের জাহাজ ভাঙ্গা শ্রমিক ট্রেড ইউনিয়ন ফোরামের হিসেবে, ২০১৯ সালে এসব ইয়ার্ডে ২৩ জন, ২০২০ সালে ১০ জন এবং ২০২১ সালে ১৩ জন শ্রমিক নিহত হন।
