২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে বাবুর্চির ছুরিকাঘাতে প্রাণ গেল যুবকের

চট্টগ্রামে বাবুর্চির সঙ্গে কথা কাটাকাটির জেরে ছুরিকাঘাতে এসএম মঈন উদ্দিন তন্ময় নামে এক যুবক খুন হয়েছেন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 Jan 2022, 06:17 PM

Updated : 02 Aug 2022, 02:48 PM

সোমবার বিকালে নগরীর খুলশী থানার লালখান বাজার চাঁনমারি সড়কের ‘হাইপেরিয়ন’ ভবনের তৃতীয় তলায় এ হত্যাকাণ্ড ঘটে বলে পুলিশ জানায়।

নিহত তন্ময়ের (২৮) বাড়ি চুয়াডাঙ্গা সদর উপজেলায়। চট্টগ্রামে ‘তিলোত্তমা চিটাগং’ নামে একটি টাইলস প্রতিষ্ঠানের হিসাব বিভাগে চাকরি করতেন।

এ ঘটনায় ছুরিকাঘাতকারী নিহার রিচিলকে (৫১) গ্রেপ্তার করেছে পুলিশ। তার বাড়ি শরীয়তপুরের নালিতাবাড়ি উপজেলায়।

খুলশী থানার এসআই সাহেদ খান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, যে বাসায় তন্ময় খুন হয়েছেন, সেখানে ‘তিলোত্তমা চিটাগং’য়ে কর্মরতরা থাকতেন। ওই বাসায় বাবুর্চির কাজ করতেন ছুরিকাঘাতকারী নিহার রিচিল।

তন্ময়ের সহকর্মীদের বরাত দিয়ে সাহেদ বলেন, “ওই বাসায় ছয়জন থাকতেন। বিভিন্ন সময়ে তন্ময়ের সঙ্গে রিচিলের বাকবিতণ্ডা হত। তাদের মধ্যে ভালো সম্পর্ক ছিল না।

“দুপুরে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়, একপর্যায়ে তা হাতাহাতিতে রূপ নেয়। এ সময় নিহার ছুরি দিয়ে তন্ময়ের বুকের বাম পাশে আঘাত করে। পরে তাকে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

হত্যাকাণ্ডের পরপরই নিহারকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান তিনি।

রিচিলকে জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে খুলশী থানার ওসি সন্তোষ কুমার চাকমা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রিচিলের সাথে প্রায় ১০ বছর আগে তার স্ত্রীর বিচ্ছেদ হয়। এর পর সে এক নারীর সাথে সম্পর্কে জড়িয়েছে বেশ কয়েক বছর ধরে। ওই নারীর সাথে রিচিল বিভিন্ন সময়ে টেলিফোনে কথা বলতেন।

“এ বিষয়টি নিয়ে তন্ময় বিভিন্ন সময় তার সাথে হাসি-তামাশা করত। যেটা নিয়ে ক্ষুব্ধ ছিল রিচিল। এর জের ধরে তন্ময়কে ছুরিকাঘাত করে সে।”