‘আমার গাড়ি নিরাপদ’: অটোরিকশা নিবন্ধনে এলেই বিদ্যানন্দের উপহার
চট্টগ্রাম নগর পুলিশের ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় নিবন্ধন করা অটোরিকশা চালক-মালিকদের উপহার দিচ্ছে স্বেচ্ছাসেবী সংগঠন বিদ্যানন্দ ফাউন্ডেশন।
রোববার বিকালে নগরীর জিইসি মোড়ে অটোরিকশা চালক ও মালিকদের হাতে উপহার তুলে দিয়ে বিদ্যানন্দের এ উদ্যোগের উদ্বোধন করেন নগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর।
এছাড়া নগরীর বিভিন্ন পয়েন্টে পুলিশের নিবন্ধন বুথগুলোতেও চালক-মালিকদের হাতে উপহার সামগ্রী তুলে দেন বিদ্যানন্দের স্বেচ্ছাসেবীরা। টি শার্ট, শীতর টুপি, মাস্ক, স্যানিটাইজার, বিস্কুট ও নুডলস রয়েছে এসব উপহারসামগ্রীর মধ্যে।
চট্টগ্রাম নগরীতে চলাচল করা ১৩ হাজার অটোরিকশাকে এক তথ্যভাণ্ডারের আওতায় আনতে গত ৬ ডিসেম্বর থেকে ‘আমার গাড়ি নিরাপদ’ নামে এ ডেটাবেজ তৈরির কাজ শুরু করে চট্টগ্রাম নগর পুলিশ।
এ প্রক্রিয়া সম্পন্ন হলে যাত্রীরা মোবাইল ফোন থেকে জেনে নিতে পারবেন মালিক ও চালকের সব তথ্য, যা অটোরিকশায় চলাচল নিরাপদ করবে বলে মনে করছে পুলিশ।
নিবন্ধনের পর চালক ও মালিকদের কিউআর কোড ও নিউমেরিক আইডি কার্ড দেওয়া হবে, যার একটি কপি অটোরিকশায় দৃশ্যমান স্থানে ঝুলিয়ে রাখতে হবে। সেটা দেখে যাত্রীরা বুঝতে পারবেন, অটোরিকশাটি সিএমপিতে নিবন্ধন করা।
স্মার্টফোন ব্যবহারকারী যাত্রীরা ‘হ্যালো সিএমপি’ অ্যাপের মাধ্যমে কিউআর কোড স্ক্যান করে গাড়ির চালক ও মালিকের ছবি দেখতে পারবেন এবং অন্য সব তথ্য জেনে নিতে পারবেন।
আর যাদের স্মার্টফোন নেই, তারা গাড়িতে টাঙানো কার্ডটির নিউমেরিক কোড সিএমপির নির্ধারিত নম্বরে এসএমএস করলে ফিরতি এসএমএসে জানিয়ে দেওয়া হবে গাড়ির মালিক ও চালক নিবন্ধিত কিনা।
অটো রিকশা মালিকরা জাতীয় পরিচয়পত্র, অটোরিকশার নিবন্ধন ও ফিটনেস সনদ, ট্যাক্স টোকেন ও রুট পারমিটের কাগজ দিয়ে নির্ধারিত ফর্ম পূরণ করবেন। আর চালকরা জাতীয় পরিচয়পত্র ও ড্রাইভিং লাইসেন্স, অটোরিকশার তথ্যসহ ফর্ম পূরণ করে নিবন্ধন করে রাখবেন। এসব তথ্য সিএমপির সার্ভারে জমা থাকবে।
বিদ্যানন্দ ফাউন্ডেশনের নির্বাহী সদস্য মো. জামাল উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় অটো রিকশার ডেটাবেজ সম্পন্ন হলে সাধারণ যাত্রীদের নিরাপত্তা বাড়বে।
“এ উদ্যোগের আওতায় অটো রিকশার চালক ও মালিকদের নিবন্ধন করাতে উৎসাহ দিতে উপহার সামগ্রী বিতরণ করার এ উদ্যোগ নেওয়া হয়েছে।
নগরীর টাইগার পাস, নিউ মার্কেট, বহদ্দারহাট, জিইসি, বাদামতলী, অলঙ্কার, মইজ্জ্যার টেক ও সিমেন্ট ক্রসিং ট্রাফিক বক্সে গিয়ে সিএমপির এই নিবন্ধনে আসতে পারবেন চালক ও মালিকরা।
জামাল উদ্দিন বলেন, “প্রতিদিন যেসব চালক মালিক ‘আমার গাড়ি নিরাপদ’ উদ্যোগের আওতায় তাদের অটো রিকশা নিবন্ধন করবেন, তাদের হাতে বিদ্যানন্দের উপহার সামগ্রী তুলে দেওয়া হবে।”
পুলিশ বলছে, এ উদ্যোগ সম্পন্ন হলে অটো রিকশায় যাত্রীদের কোনো জিনিসপত্র হারিয়ে গেলে তা খুঁজে পাওয়া সহজ হবে। পাশাপাশি অটোরিকশা চুরিসহ বিভিন্ন ধরনের অপরাধ রোধ করাও সহজ হবে।
