২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে চুরি হওয়া বাইক কক্সবাজারে উদ্ধার

চট্টগ্রামে আওয়ামী লীগের এক নেতার চুরি হওয়া মোটর সাইকেল উদ্ধার করা হয়েছে কক্সবাজার থেকে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Dec 2021, 08:56 PM

Updated : 08 Apr 2022, 12:01 AM

কক্সবাজারের মহেশখালী উপজেলার পানিরছড়া এলাকা থেকে রোববার রাতে মোটর সাইকেলটি উদ্ধারের পাশাপাশি দুজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান চট্টগ্রামের কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন।

গ্রেপ্তার দুজন হলেন- খায়রুল আমিন (৩১) ও সাদ্দাম হোসেন (২৮)।

চুরি হওয়া মোটর সাইকেলটি ছিল কোতোয়ালি থানা আওয়ামী লীগের সহ-সভাপতি মশিউর রহমান রোকনের। গত ৩ ডিসেম্বর তার মোটর সাইকেলটি চুরি হলে পরদিন তিনি মামলা করেন।

কোতোয়ালি থানার ওসি নেজাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, মামলার পর থেকে থানা পুলিশের একটি দল বিভিন্ন স্থানে অভিযান চালায়। মোটর সাইকেলের অবস্থান নিশ্চিত হয়ে রোববার মহেশখালী থানার পানিরছড়া এলাকায় অভিযান চালিয়ে খায়রুল ও সাদ্দামকে আটক করে জিজ্ঞাসাবাদ করে। এর এক পর্যায়ে তারা নিজেদের হেফাজতে রাখা মোটর সাইকেলটির সন্ধান দেয়।

কোতোয়ালি থানার এসআই মোমিনুল হাসান জানান, খায়রুল ও সাদ্দাম চোরাই মোটর সাইকেলের ক্রেতা। কম দামে মোটর সাইকেল কিনে বেশি দামে বিক্রি করেন। তারা একটি চক্রের সদস্য। এ চক্রে ১০ থেকে ১২ জন আছে বলে তথ্য পাওয়া গেছে।

ওসি নেজাম জানান, গ্রেপ্তার সাদ্দাম এক সময় বিদেশে ছিলেন। দেশে ফিরে মোটর সাইকেল চোর চক্রের সাথে জড়িয়ে পড়ে।