আটকে রেখে ‘যৌনকাজে’ বাধ্য করার অভিযোগ, গ্রেপ্তার ৬
চাকরির ‘প্রলোভন দেখিয়ে’ আটকে রেখে ‘যৌনকাজে’ বাধ্য করার অভিযোগে চট্টগ্রামের বিভিন্ন স্থান থেকে দুই নারীসহ ছয়জনের একটি চক্রকে গ্রেপ্তারের কথা জানিয়েছে র্যাব।
‘প্রতারক’ এ চক্রটির হাত থেকে পালিয়ে আসা এক তরুণীর অভিযোগের পর অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার করা হয়েছে বলেও র্যাব জানায়।
নগরীর দেওয়ান হাট, সরাই পাড়া ও অলঙ্কার এলাকা থেকে মঙ্গলবার রাতে ওই চক্রের ছয় সদস্যকে গ্রেপ্তার করা হয়।
এরা হলেন- শহীদুল ইসলাম পরাণ (২৪), মোশারফ হোসেন (২৫), মোছাম্মৎ রুমা (২২), শাহীন আলম (৩৪), মো. সুজন (২৮) ও তার স্ত্রী ময়না বেগম (১৮)।
বুধবার বিকালে র্যাব-৭ সদর দপ্তরে সংবাদ সম্মেলনে অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল এমএ ইউসুফ সাংবাদিকদের এ অভিযানের বিষয়ে বিস্তারিত তুলে ধরেন।
তিনি বলেন, “এক তরুণী মঙ্গলবার র্যাব কার্যালয়ে এসে অভিযোগ করেন একটি চক্র বিভিন্ন স্থান থেকে কিশোরী ও তরুণীদের চাকরির প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে এনে আটকে রাখে এবং যৌন কাজে বাধ্য করে।
তিনি জানান, আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করে অভিযোগের বিষয়ে সত্যতা পাওয়া যায় এবং এই চক্রের বাকিদের নাম পরিচয় এবং অবস্থান জেনে আবারও অভিযান শুরু করা হয়।
“তাদের দেওয়া তথ্যে অলঙ্কার মোড় থেকে শাহীনকে আটক করা হয়। শাহীনের তথ্যে পাহাড়তলী সরাইপাড়া এলাকায় অভিযান চালিয়ে তিন কিশোরীকে উদ্ধার এবং সুজন ও তার স্ত্রী ময়নাকে আটক করা হয়।”
র্যাব কর্মকর্তা ইউসুফ বলেন, “এ চক্রটি বিভিন্ন স্থান থেকে অসহায় ও এতিম কিশোরী ও তরুণীদের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে চট্টগ্রামে নিয়ে আসে। পরে তাদের যৌনকাজে বাধ্য করে।”
তাদের বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয়েছে বলে সংবাদ সম্মেলনে জানায় র্যাব।
