২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘চট্টগ্রামের সব স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম বাদ দিন’

চট্টগ্রামের সব স্থাপনা থেকে স্বাধীনতাবিরোধীদের নাম অপসারণের দাবি জানিয়েছে সেক্টর কমান্ডারস ফোরাম, চট্টগ্রাম।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Nov 2021, 10:37 PM

Updated : 07 Apr 2022, 11:55 PM

বুধবার দুপুরে ফোরামের চট্টগ্রাম জেলা ও মহানগর নেতারা জেলা প্রশাসক মো. মমিনুর রহমানের সঙ্গে সাক্ষাতকালে এ দাবি জানান।

সাক্ষাতকালে জেলা প্রশাসককে সংগঠনের প্রকাশনা ‘বঙ্গবন্ধু স্মারকগ্রন্থ’ প্রদান করেন নেতারা বলে ফোরামের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।

সেক্টর কমান্ডার ফোরামের কেন্দ্রীয় সহ সাংগঠনিক সম্পাদক বেদারুল আলম চৌধুরী বেদার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আজ স্বাধীনতার ৫০ বছর পরেও চট্টগ্রামের হাটহাজারী, রাউজান, আনোয়ারা ও রাঙ্গুনিয়ায় যুদ্ধাপরাধীদের নামে বিভিন্ন প্রতিষ্ঠান আছে।

“জেলা প্রশাসককে বলেছি অবিলম্বে এসব স্থাপনা চিহ্নিত করে নাম পরিবর্তনের জন্য।”

তিনি জানান, এরমধ্যে ফজলুল কাদের চৌধুরীর নামে চট্টগ্রামের হাটহাজারী উপজেলায় একটি উচ্চ বিদ্যালয়, রাউজানে একটি মিলনায়তন, রাঙ্গুনিয়ায় একটি প্রাথমিক বিদ্যালয় আছে।

আনোয়ারায় একজন রাজাকারের নামে একটি সড়ক আছে বলেও উল্লেখ করেন তিনি।

মুসলিম লীগ নেতা ফজলুল কাদের চৌধুরীর ছেলে সালাউদ্দিন কাদের চৌধুরী আন্তর্জাতিক যুদ্ধাপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির দণ্ডপ্রাপ্ত যুদ্ধাপরাধী।

বেদারুল আলম বলেন, “জেলা প্রশাসনে নিশ্চয় জেলার সব স্থাপনার তালিকা আছে। তা যাচাই করলে আরও তথ্য মিলতে পারে। এসব দ্রুত চিহ্নিত করে পরিবর্তন করার দাবি জানিয়েছি।

পাশাপাশি চট্টগ্রামে চিহ্নিত বধ্যভূমিগুলো সংরক্ষণ ও এখনও যেগুলো চিহ্নিত হয়নি সেগুলোর তথ্যানুসন্ধানের দাবিও জানানো হয়েছে।

এসময় উপস্থিত ছিলেন সেক্টর কমান্ডারস ফোরাম চট্টগ্রাম জেলার সভাপতি নুরুল আলম মন্টু, মহানগর সভাপতি ডা. সরফরাজ খান চৌধুরী বাবুল ও সাধারণ সম্পাদক নূরে আলম সিদ্দিকী, সহ সভাপতি ফজল আহমদ, বীর মুক্তিযোদ্ধা বাদশা মিয়া, বীর মুক্তিযোদ্ধা গৌরী শংকর চৌধুরী, বীর মুক্তিযোদ্ধা খায়ের আহমেদ প্রমুখ।