২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে এসএসসির দ্বিতীয় দিন অনুপস্থিত ২৫০৭ জন

এসএসসি পরীক্ষার দ্বিতীয় দিনে চট্টগ্রাম শিক্ষা বোর্ডে দুটি বিষয়ে মোট অনুপস্থিত ছিলেন দুই হাজার ৫০৭ জন পরীক্ষার্থী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Nov 2021, 09:30 PM

Updated : 02 Aug 2022, 06:34 PM

সোমবার বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এবং হিসাব বিজ্ঞান বিষয়ে পরীক্ষা অনুষ্ঠিত হয়।

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের দেওয়া তথ্য অনুযায়ী, বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা বিষয়ে অনুপস্থিত ছিলেন এক হাজার ৫৬৬ জন পরীক্ষার্থী, যা এ বিষয়ে মোট পরীক্ষার্থীর প্রায় ২ দশমিক ৭৮ শতাংশ।

এ বিষয়ে বোর্ডের অধীনে ২০৪টি পরীক্ষা কেন্দ্রে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৬ হাজার ৩০৭ জন। তাদের মধ্যে উপস্থিত ছিলেন ৫৪ হাজার ৭৪১ জন। আর সবচেয়ে বেশি অনুপস্থিত ছিলেন চট্টগ্রাম জেলায় ৯৫৯ জন।

অন্য জেলাগুলোর মধ্যে কক্সবাজার জেলায় ২৫৩ জন, রাঙামাটি জেলায় ১১৬ জন, খাগড়াছড়ি জেলায় ১৬১ জন ও বান্দরবান জেলায় ৭৭ জন অনুপস্থিত ছিলেন।

এদিন হিসাব বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় অনুপস্থিত ছিলেন মোট ৯৪১ জন পরীক্ষার্থী। এ বিষয়ে অনুপস্থিতির হার ছিল প্রায় ১ দশমিক ৬১ শতাংশ।

হিসাব বিজ্ঞানে মোট পরীক্ষার্থী ছিলেন ৫৮ হাজার ৫০২ জন। অংশ নিয়েছেন ৫৭ হাজার ৫৬১ জন।

এরমধ্যে চট্টগ্রাম জেলায় সর্বোচ্চ ৭৫০ জন, কক্সবাজার জেলায় ৮১ জন, রাঙামাটি জেলায় ৪৬ জন, খাগড়াছড়ি জেলায় ৪৭ জন ও বান্দরবান জেলায় ১৭ জন অনুপস্থিত ছিলেন।

চট্টগ্রামে এসএসসির প্রথম দিনে অনুপস্থিত ১৯৪ জন  

এরআগে রোববার এসএসসি পরীক্ষার প্রথম দিনে পদার্থ বিজ্ঞান বিষয়ের পরীক্ষায় ১৯৪ জন অনুপস্থিত ছিলেন। যা ছিল মোট পরীক্ষার্থীর শূন্য দশমিক ৬৮ শতাংশ।

এবার নিয়মিত-অনিয়মিত মিলিয়ে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের অধীনে মোট পরীক্ষার্থীর সংখ্যা ১ লাখ ৬১ হাজার ১২২। এরমধ্যে ছাত্র ৭৫ হাজার ২৫৩ জন এবং ছাত্রী ৮৫ হাজার ৮৬৯ জন।

এবার বিজ্ঞান বিভাগ থেকে অংশ নিচ্ছেন ৩১ হাজার ৭৩ জন, মানবিক বিভাগে ৬৫ হাজার ২৪৬ এবং ব্যবসায় শিক্ষা বিভাগ থেকে ৬৪ হাজার ৮০৩ জন।