সাম্প্রদায়িক হামলা ঠেকাতে কারও ভূমিকা ‘যথাযথ ছিল না’
চট্টগ্রামে সংগঠিত সাম্প্রদায়িক সহিংসতা রুখতে স্থানীয় রাজনীতিবিদদের পাশাপাশি প্রশাসন ও পুলিশের ভূমিকা ‘যথাযথ ছিল না’ বলে দাবি করেছে ‘একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটি‘ এবং ‘আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক সংসদীয় ককাস’।
হামলার পর তদন্ত ও গণশুনানি চালিয়ে এই তথ্য পাওয়ার কথা জানিয়ে তারা বলেছে, কারও ভূমিকা না থাকায় সহিংসতার বিস্তৃতি ঘটেছিল।
চট্টগ্রাম জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে রোববার এই গণশুনানির আয়োজন করা হয়। শুনানিতে চট্টগ্রামসহ আশেপাশের এলাকায় ৫৬ জন সাক্ষ্য দিয়েছেন বলে আয়োজকরা জানিয়েছেন।
শুনানিতে গণকমিশনের চেয়ারম্যান বিচারপতি এ এইচ এম শামসুদ্দিন চৌধুরী মানিকের নেতৃত্বে অংশ নেন আদিবাসী ও সংখ্যালঘু বিষয়ক ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হেসেন বাদশা, গণকমিশনের সদস্য সচিব তুরিন আফরোজ, সমন্বয়কারী কাজী মুকুল, মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক ডা. মাহফুজুর রহমান, প্রকৌশলী দেলোয়ার মজুমদার, লেখক শওকত বাঙালি।
বিচারপতি শামসুদ্দিন চৌধুরী বলেন, “ভুক্তভোগী ও প্রত্যক্ষদর্শীদের বক্তব্যে উঠে এসেছে, প্রশাসন ও পুলিশের প্রথমে গাফিলতি ছিল। ঘটনা প্রতিরোধে প্রথমদিকে রাজনীতিবিদদের অনুপস্থিতি ছিল। পরে তারা সক্রিয় হয়েছেন। আগে থেকে ভূমিকা রাখলে মাত্রাটা কম হতো বলে সাক্ষ্যে উঠে এসেছে।”
তিনি বলেন, “কুমিল্লার ঘটনার পরপর চট্টগ্রামসহ দেশের বিভিন্ন স্থানে অঘটন ঘটেছে। অনেক স্থানে স্থানীয়ভাবে প্রতিহত করার চেষ্টা হয়েছে। না হলে ঘটনা আরও বড় হত। সারাদেশে এভাবে প্রতিহত হলে সাম্প্রদায়িক আক্রমণের মাত্রাটা কমে যাবে। যারা সাক্ষ্য দিয়েছে তারা কিছুটা নিরাপত্তাহীনতায় ভুগছে। যারা হামলায় নেতৃত্ব দিয়েছে তাদের পক্ষ থেকে ঘটনা আপসে আসতে অনেক ক্ষেত্রে বাধ্য করা হচ্ছে।”
সকাল থেকে বিকাল পর্যন্ত এ গণশুনানি কার্যক্রম চলে। এতে চট্টগ্রাম মহানগরী, বাঁশখালী, কর্ণফুলী উপজেলা, সীতাকুণ্ড, ফেনী ও কক্সবাজারের পেকুয়ায় হামলার শিকার ও সংশ্লিষ্ট প্রত্যক্ষদর্শীরা সাক্ষ্য দেয়।
সংসদীয় ককাসের আহ্বায়ক সংসদ সদস্য ফজলে হোসেন বাদশা বলেন, সারাদেশে যেখানে যেখানে সাম্প্রদায়িক সহিংসতা ঘটেছে সেখানে গিয়ে ঘটনার তথ্য, উৎস, কারা যুক্ত, কোন প্রবণতা থেকে এসব ঘটনা ঘটেছে, গণশুনানির মাধ্যমে ভুক্তভোগী জনগণ ও প্রত্যক্ষদর্শীদের কাছ থেকে সংগ্রহ করছেন তারা।
তিনি বলেন, “এর সাথে কারা যুক্ত, এর প্রতিকার কীভাবে হতে পারে, এ বিষয় আমরা প্রতিবেদনের মধ্যমে তুলে ধরব। চট্টগ্রামেও আমরা গণশুনানি করেছি। সারাদেশের মতো এখানকার চিত্রও প্রায় একই। আমাদের মনে হয়েছে, বাংলাদেশে অসাম্প্রদায়িক রাজনৈতিক চেতনা দুর্বল হয়েছে। রাজনীতি দিয়ে মৌলবাদী শক্তিকে পরাস্ত করতে হবে, শুধু পুলিশ ও প্রশাসন দিয়ে এটা সম্ভব নয়।”
তদন্ত প্রতিবেদন তৈরি করে স্বরাষ্ট্র, আইন মন্ত্রণালয়ে পাঠানো হবে বলে জানান বিচারপতি শামসুদ্দিন চৌধুরী।
