২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

ফতেয়াবাদে সিডিএর নিউ সিটি প্রকল্প বাতিলের দাবি

চট্টগ্রামের দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ডে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ প্রস্তাবিত ‘ফতেয়াবাদ নিউ সিটি’ আবাসিক প্রকল্পটি বাতিলের দাবি জানিয়েছে স্থানীয়রা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 Nov 2021, 09:44 PM

Updated : 02 Aug 2022, 06:33 PM

সোমবার চট্টগ্রাম প্রেস ক্লাবে সংবাদ সম্মেলন থেকে ‘১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড বসত ভিটা রক্ষা কমিটি’ এ দাবি জানায়।

আগামী ১৫ দিনের মধ্যে প্রকল্পটি বাতিল করা না হলে সিডিএ’র সামনে অবস্থান কর্মসূচি, মানববন্ধনসহ নানা কর্মসূচি পালন করা হবে বলে হুমকি দেওয়া হয় সংবাদ সম্মেলনে।

সংবাদ সম্মেলনে কমিটির আহ্বায়ক দুর্গাপদ নাথ বলেন, ওই ওয়ার্ডের পশ্চিমে পাহাড়, তার পাদদেশে কৃষি জমি ও বসতি। সেখানে পরিত্যক্ত কোনো জমি নেই।

“সিডিএ ‘ফতেয়াবাদ নিউ সিটি’ নামে একটি আবাসিক প্রকল্প গ্রহণ করার লক্ষ্যে দক্ষিণ পাহাড়তলী, জঙ্গল দক্ষিণ পাহাড়তলীর আংশিক ও ফতেপুর ইউনিয়নের কিছু অংশের অধিগ্রহণ করার উদ্যোগ নিয়েছে। এ কারণে গত ১৫ বছর ধরে এখানে নতুন ভবন নির্মাণে সিডিএ কোনো অনুমোদন দিচ্ছে না।”

দুর্গাপদ নাথ বলেন, “এটা মৌলিক অধিকারের পরিপন্থী। এখানে প্রায় দুই লাখ লোকের বসবাস। কোনো ধরনের ঘোষণা ছাড়াই ভবন নির্মাণের অনুমোদন বন্ধ রাখায় এলাকার লোকজন ক্ষতিগ্রস্ত হচ্ছে। চিকিৎসাসহ জরুরি প্রয়োজনে কেউ জমি বিক্রি করতে চাইলে ন্যায্য দাম পাচ্ছেন না।”

বিষয়টি সিডিএ চেয়ারম্যানসহ সংশ্লিষ্টদের জানালেও কোনো সমাধান পাচ্ছেন না বলে স্থানীয়রা জানায়।

দুর্গাপদ বলেন, “সিডিএ এ পর্যন্ত যেসব আবাসিক প্রকল্প করেছে সেখানে নিম্ন ও মধ্যবিত্তদের জন্য কোনো আবাসনের ব্যবস্থা নেয়নি। দক্ষিণ পাহাড়তলীর বেশির বাসিন্দা নিম্ন মধ্যবিত্ত। এখানে তাদের জমি অধিগ্রহণ করে সমাজের কিছু উচ্চ বিত্তের জন্য আবাসনের ব্যবস্থা করা হবে। এটি রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কোনো স্থাপনা নয়। তাই এই প্রকল্পটি বাতিল করা হোক।”

সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন দক্ষিণ পাহাড়তলী বসতভিটা রক্ষা কমিটির উপদেষ্টা ১ নম্বর দক্ষিণ পাহাড়তলী ওয়ার্ড কাউন্সিলর গাজী শফিউল আজিম, সংগঠনের সদস্যসচিব সিরাজুল ইসলাম, যুগ্ম আহ্বায়ক আবদুর রহমান, ফজলুল কাদের চৌধুরী, রনজিৎ চক্রবর্তী, যুগ্ম সচিব অঞ্জন কারণ, সদস্য লোকমান হাকিম, গাজী মঈনুদ্দীন, মো. আইয়ুব, গাজী আক্কাস।