চট্টগ্রামে সন্দেহভাজন চোরের হামলায় একব্যক্তি নিহত
চট্টগ্রামের সীতাকুণ্ডে সন্দেহভাজন এক চোরকে ধরতে গিয়ে তার ছুরিকাঘাতে এক ব্যক্তির মৃত্যু হয়েছে।
নিহত সুলতান আহমেদ (৫৫) ভাটিয়ারি ইউনিয়নের খাদেম পাড়া ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা বলে পুলিশ জানিয়েছে।
রোববার ভোরের এই ঘটনায় তার ছেলে মোস্তফা ও ভাতিজা ইকবালও আহত হয়েছেন।
সীতাকুণ্ড থানার পরিদর্শক (তদন্ত) সুমন বণিক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, ভোর ৫টার দিকে সুলতান নামাজ পড়তে উঠে ঘরের সামনে এক যুবককে দেখতে পেয়ে ‘চোর চোর’ বলে চিৎকার করে ধাওয়া করেন।
“তার চিৎকারে মোস্তফা ও ইকবালও ঘর থেকে বের হয়ে ওই যুবককে ধাওয়া করে ধরে ফেলেন। এসময় ওই যুবক এলোপাথারি ছুরি চালিয়ে সুলতানের গলায় এবং তার ছেলে ও ভাতিজার হাতে জখম করে পালিয়ে যায়।”
আহত তিন জনকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার পর সকালে চিকিৎসাধীন অবস্থায় সুলতান মারা যান বলে পরিদর্শক সুমন জানান।
