মৃত্যুবার্ষিকীতে আখতারুজ্জামান বাবুকে স্মরণ
দলের সভাপতিমণ্ডলীর সদস্য প্রয়াত আখতারুজ্জামান চৌধুরী বাবুকে নবম মৃত্যু বার্ষিকীতে স্মরণ করল চট্টগ্রাম নগর আওয়ামী লীগ।
বৃহস্পতিবার নগরীর থিয়েটার ইন্সটিটিউটে নগর আওয়ামী লীগ প্রয়াত এই নেতার স্মরণ সভার আয়োজন করে।
সভায় সভাপতির বক্তব্যে নগর কমিটির ভারপ্রাপ্ত সভাপতি মাহতাব উদ্দিন চৌধুরী বলেন, “আখতারুজ্জামান চৌধুরী বাবু আওয়ামী ঘরানার রাজনীতির দুঃসময়ের কাণ্ডারী। তিনি যে পথ দেখিয়েছিলেন, ত্যাগ ও লড়াই সংগ্রামের নির্দেশনা। তা আমাদেরকে অবশ্যই পালন করতে হবে।
“আমাদের মধ্যে বিচ্যুতি আছে-ভুলত্রুটি আছে এগুলো থেকে মুক্ত না হলে আমরা কখনো শুদ্ধ পথে যেতে পারবো না। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনা যা আত্মশুদ্ধির ডাক দিয়েছেন তা কঠোরভাবে অনুশীলন করতে হবে। দল ক্ষমতায়। তবে আমাদের মধ্যে বিভেদ বিচ্যুতি বেড়ে গেছে। এটা শুভ লক্ষণ নয়। তাই আমাদেরকে সংশোধিত হতে হবে।”
সভায় নগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ জ ম নাছির উদ্দীন বলেন, “নীতি নৈতিকতা রক্ষা করেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে। এই শিক্ষাটি গ্রহণ করেছি আখতারুজ্জামান চৌধুরী বাবুর কাছ থেকে। তিনি আমাদেরকে যে পথ দেখিয়েছেন সেই পথ ধরেই আমাদেরকে সামনের দিকে এগিয়ে যেতে হবে।
নাছির বলেন, “জীবনে অনেকবার তিনি মন্ত্রীত্বের সুযোগ পেয়েও বঙ্গবন্ধুর আদর্শ থেকে বিচ্যুতি হননি। অত্যন্ত দূরদর্শী ও বিচক্ষণ রাজনীতির ধারক ছিলেন। তিনি ছিলেন চট্টগ্রাম আওয়ামীলীগের এক অনন্য কর্ণধার। রাজনীতিতে যেমন ব্যবসা, ব্যাংক, বীমা ও শিল্প স্থাপনে তিনি ছিলেন একজন ঈষর্ণীয় সফল ব্যক্তিত্ব।”
আখতারুজ্জামান বাবু ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য। চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি বাবু পাট বস্ত্র মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করেন।
বীরু মুক্তিযোদ্ধা আখতারুজ্জামান চৌধুরী বাবু ৭১ বছর বয়সে ২০১২ সালের ৪ নভেম্বর সিঙ্গাপুরে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
ব্যক্তি জীবনে তিনি ছিলেন চট্টগ্রামের একজন নেতৃস্থানীয় শিল্পদ্যোক্তা। তিনি আরামিট গ্রুপ ও ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের (ইউসিবি) চেয়ারম্যান ছিলেন।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআই এর সভাপতি এবং চট্টগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতির দায়িত্বও তিনি পালন করেন।
১৯৭০ সালের নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রামের আনোয়ারা-পশ্চিম পটিয়া থেকে প্রাদেশিক পরিষদের সদস্য নির্বাচিত হন তিনি। পরে একই এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন।
বৃহস্পতিবার নগর কমিটির সাংগঠনিক সম্পাদক নোমান আল মাহমুদের সঞ্চালনায় অনুষ্ঠিত স্মরণ সভায় বক্তব্য রাখেন সহ-সভাপতি নঈম উদ্দিন চৌধুরী, ইব্রাহিম হোসেন চৌধুরী বাবুল, খোরশেদ আলম সুজন ও আলতাফ হোসেন চৌধুরী বাচ্চু, সম্পাদকমন্ডলীর সদস্য সৈয়দ হাসান মাহমুদ শমসের, জালাল উদ্দিন ইকবাল, কার্যনির্বাহী সদস্য সাইফুদ্দিন খালেদ বাহার, আবদুল লতিফ টিপু, ড. নেছার উদ্দিন আহমেদ মঞ্জু, মোরশেদ আকতার চৌধুরী প্রমুখ।
