২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে শোক দিবসের সভায় হামলা: অস্ত্রসহ গ্রেপ্তার ২

চন্দনাইশে আওয়ামী লীগের শোক দিবসের আলোচনা সভায় হামলা ও গুলিবর্ষণের ঘটনায় যুবলীগের সাবেক সদস্যসহ দুইজনকে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার করেছে র‌্যাব।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Sep 2021, 12:06 AM

Updated : 02 Aug 2022, 06:18 PM

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- গিয়াস উদ্দিন সুজন (৪১) ও তার সহযোগী মাঈনুদ্দিন সাঞ্জু (৩৯)। এদের মধ্যে সুজনের বাড়ি চট্টগ্রামের চন্দনাইশ উপজেলার হাশিমপুর ইউনিয়নে। তিনি যুবলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য বলে জানা গেছে। মাঈনুদ্দিন সাঞ্জুর বাড়ি শরীয়তপুরে হলেও চট্টগ্রাম মহানগরের চান্দগাঁও এলাকায় তার বাসা।

শুক্রবার গভীর রাতে ঢাকার ধানমণ্ডি এলাকা থেকে সুজনকে এবং শনিবার সকালে চট্টগ্রাম মহানগরীর লালখান বাজার মতিঝর্ণা এলাকা থেকে সাঞ্জুকে গ্রেপ্তার করা হয় বলে র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক মো. নুরুল আবছার জানিয়েছেন।

তিনি জানান, গত ৩০ অগাস্ট চন্দনাইশের হাশিমমপুর ইউনিয়নে একটি আলোচনা সভায় গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে। এ ঘটনায় করা মামলায় দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে।

তাদের কাছ থেকে একটি বিদেশি পিস্তল, একটি বিদেশি রিভলবার ও ১৩ রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গ্রেপ্তার দুইজনই ওই আলোচনা সভায় হামলা ও গুলিবর্ষণের ঘটনা স্বীকার করেছেন।”

গত ৩০ অগাস্ট চন্দনাইশে একটি কমিউনিটি সেন্টারে স্থানীয় হাশিমপুর ইউনিয়ন আওয়ামী লীগ আয়োজিত শোক দিবস ও একুশে অগাস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অনুষ্ঠিত আলোচনা সভার শেষ দিকে প্রতিপক্ষের হামলার ঘটনা ঘটে। ওই সময় ইটপাটকেল ও গুলি ছোঁড়া হয়।

হামলায় স্থানীয় আওয়ামী লীগের চারজন নেতাকর্মী আহত হয়েছিলেন।

ঘটনার পর সাবেক যুবলীগ নেতা সুজনের গুলি বর্ষণের একটি ভিডিও ফুটেজ সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়ে এবং ব্যাপক আলোচনার জন্ম দেয়।

পুরনো খবর:

চন্দনাইশে আওয়ামী লীগের শোক দিবসের অনুষ্ঠানে হামলা