২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বন্দরে চাকরির নামে প্রতারণা, গ্রেপ্তার ১

চট্টগ্রাম বন্দরের সচিব পরিচয়ে চাকরি দেওয়ার নামে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 02 Sep 2021, 08:25 PM

Updated : 07 Apr 2022, 11:34 PM

নগরীর চান্দগাঁও আবাসিক এলাকা থেকে বুধবার রাতে সেকান্দার আলী (৫৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

কোতোয়ালি থানার ওসি নেজাম উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, সেকান্দার তার দুই সহযোগীকে নিয়ে চট্টগ্রাম বন্দরে চাকরি ও নিলামের মালামাল বের করে দেওয়ার নাম করে বিভিন্ন জনের কাছ থেকে টাকা হাতিয়ে নিত।

সেকেন্দারের বিরুদ্ধে মামলা করেছেন আবুল কাশেম নামে এক ব্যক্তি, যাতে তার ছেলেকে চাকরি দেওয়ার নামে ১৫ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ করা হয়েছে।

রেয়াজউদ্দিন বাজারের ওই চা দোকানির করা মামলায় সেকান্দারের পাশাপাশি তার দুই সহযোগী নূর মোহাম্মদ ও আরজ মিয়াকেও আসামি করা হয়েছে।

ওসি নেজাম জানান, আরও তিনজনের কাছ থেকে ২০ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পুলিশ পেয়েছে, যা সেকান্দার প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছেন।