কোভিড: চট্টগ্রামে নমুনা পরীক্ষার সঙ্গে শনাক্তও কমেছে
চট্টগ্রামে করোনাভাইরাসের নমুনা পরীক্ষা কমে আসায় শনাক্তের সংখ্যাও আগের চেয়ে কিছুটা কমেছে।
জেলা সিভিল সার্জন কার্যালয় জানিয়েছে, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ১২টি ল্যাবে ২ হাজার ৫৪৭ জনের নমুনা পরীক্ষা করে ৬১৬ জনের দেহে সংক্রমণ ধরা পড়েছে। এ সময়ে মারা গেছেন মোট ৮ জন।
এক দিনে শনাক্তের হার ২৪ দশমিক ১৮ শতাংশ। নতুন করে শনাক্ত ব্যক্তিদের মধ্যে ২৪৯ জন বিভিন্ন উপজেলার এবং বাকি ৩৬৭ জন মহানগরী এলাকার বাসিন্দা।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, সম্প্রতি শনাক্তের সংখ্যা কিছুটা কম দেখা গেলেও তা সংক্রমণ এখনো পুরোপুরি কমে যাবার ‘নিয়ামক’ নয়।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “চট্টগ্রামে নমুনা পরীক্ষার সংখ্যাও কমেছে। এখনো চট্টগ্রামে করোনভাইরাসের সংক্রমণ কমে যাচ্ছে এটা পুরোপুরি বলা যাবে না।”
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মত্যুর সংখ্যা কমছে না মন্তব্য করে সিভিল সার্জন বলেন, “যারা আগে থেকে আক্রান্ত আছেন, তারা মারা যাচ্ছেন। সামনে পরিস্থিতির উন্নতি হলে মৃত্যুর হার কমে আসবে।”
গত বৃহস্পতিবার জানানো হয়, আগের ২৪ ঘণ্টায় চট্টগ্রামে মোট ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষা করে ৫৮৯ জনের ‘পজিটিভ’ পাওয়া গেছে, মারা গেছে ৯ জন।
বুধবার ২ হাজার ৮৮৩ জনের নমুনা পরীক্ষায় ৭৭২ জন শনাক্ত এবং ১২ জনের মৃত্যুর খবর জানানো হয়।
সংক্রমণের এমন পরিস্থিতির মধ্যেই সারাদেশে বিধিনিষেধ তুলে দেওয়া হয়েছে। চট্টগ্রামেও জীবনযাত্রা প্রায় স্বাভাবিক হয়ে এসেছে।
সিভিল সার্জন বলেন, “বিধিনিষেধ শিথিল করলেও স্বাস্থ্যবিধি না মানলে করোনাভাইরাসের সংক্রমণ কমবে না।”
চট্টগ্রামে এ পর্যন্ত কোভিড- ১৯ রোগী শনাক্ত হয়েছে মোট ৯৩ হাজার ৮৫০ জন এবং মৃত্যু হয়েছে ১১ হাজার ১১১ জনের।
