২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

বাসায় টিকাদান: বরখাস্ত হল এক টেকনিশিয়ান

বাসায় গিয়ে দুই ব্যক্তিকে কোভিড টিকা দেওয়ার ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) একটি স্বাস্থ্য কেন্দ্রের এক অস্থায়ী কর্মচারীকে বরখাস্ত করা হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Aug 2021, 08:34 PM

Updated : 02 Aug 2022, 06:11 PM

বিশু দত্ত নামের এই ব্যক্তি মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান ছিলেন। মঙ্গলবার তাকে বরখাস্ত করেছে সিসিসি।

পাশাপাশি ঘটনা তদন্তের পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করে। প্রতিবেদন দিতে কমিটিকে তিন কর্ম দিবস সময় দেওয়া হয়েছে।

সিসিসি সচিব খালেদ মাহমুদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “প্রাথমিকভাবে ঘটনার সাথে বিশু দত্তের জড়িত থাকার প্রমাণ পাওয়া গেছে।

“তার সাথে অন্য কেউ জড়িত কি না, তা তদন্ত করতে আমাদের প্রধান রাজস্ব কর্মকর্তাকে আহ্বায়ক করে ৫ সদস্যের একটি কমিটি গঠন করা হয়েছে।”

মোস্তফা হাকিম মাতৃসদন হাসপাতালের ল্যাব টেকনিশিয়ান পদে দৈনিক ভাতার ভিত্তিতে বিশু কাজ করতেন।

দেশে করোনাভাইরাসের টিকা সরকারিভাবে দেওয়া হচ্ছে। নিবন্ধন করে নির্দিষ্ট টিকাদান কেন্দ্রে গিয়ে এই টিকা নিতে হচ্ছে।

এর মধ্যেই চট্টগ্রামে ঘরে বসে টিকা নেওয়ার ছবি এক ব্যক্তি ফেইসবুকে দেওয়ার পর তা নিয়ে আলোচনা শুরু হয়। তখন পুলিশ মো. হাসান ও মোবারক আলী নামের দুজনকে গ্রেপ্তার করে। এদের মধ্যে হাসান টিকা গ্রহীতা ও মোবারক আলী সহায়তাকারী।

ঘরে বসে কোভিড টিকা, চট্টগ্রামে দুইজন গ্রেপ্তার  

টাকার বিনিময়ে চট্টগ্রাম সিটি করপোরেশনের একটি ভ্যাকসিন কেন্দ্রের দায়িত্বরত ব্যক্তি বাসায় গিয়ে এ টিকা দেন বলে অভিযোগ ওঠে।

পুলিশ জানায়, হাসানের সঙ্গে সাজ্জাদ নামে তার এক বন্ধুও বাসায় বসে টিকা নিয়েছেন।

এ ঘটনায় চট্টগ্রাম সিটি করপোরেশনের স্বাস্থ্য বিভাগের এক কর্মকর্তা ‘সরকারি টিকা আত্মসাৎ করে অবৈধভাবে ব্যবহারের’ অভিযোগে চারজনকে আসামি করে মামলা করেন খুলশী থানায়। সেই মামলায় বিশুও আসামি।

গত ৭ অগাস্ট দুপুরে জাকির হোসেন বাই লেইনে জোনাব আলী ভবনে মোবারক আলীর বাসায় গিয়ে বিশু দত্ত জনপ্রতি এক হাজার টাকার বিনিময়ে হাসান ও তার বন্ধু সাজ্জাদকে টিকা দেন বলে মামলায় অভিযোগ করা হয়েছে।