কোভিড: চট্টগ্রাম জেলায় রেকর্ড ৭৮৩ রোগী শনাক্ত, ১০ মৃত্যু
সারাদেশের মতো চট্টগ্রামেও বাড়ছে করোনাভাইরাসে আক্রান্তের সংখ্যা, প্রতিদিনই নতুন করে সংক্রমণের নতুন রেকর্ড হচ্ছে।
সিভিল সার্জন সেখ ফজলে রাব্বি জানান, শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ২১০০ নমুনা পরীক্ষা করে জেলায় রেকর্ড ৭৮৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে। গত এক দিনে মৃত্যু হয়েছে দশ জনের।
নতুন রোগীদের মধ্যে ৫১০ জন চট্টগ্রাম মহানগরী এং ২৭৩ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা। তাদের ৪৩ জন হাটহাজারির, ৪২ জন সীতাকুণ্ডের এবং ৩৭ জন মিরসরাই উপজেলার।
এদিন নমুনা পরীক্ষার বিপরীতে শনাক্তের হার দাঁড়িয়েছে ৩৭ দশমিক ২৮ শতাংশ।
এর আগে বৃহস্পতিবার চট্টগ্রাম জেলায় ৭১৩ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়ে। তার আগে বুধবারে ৬১১ জন এবং মঙ্গলবারে ৬৬২ জন নতুন রোগী শনাক্ত হয়।
গত এক দিনে মারা যাওয়া ১০ জনের মধ্যে দুইজন চট্টগ্রাম মহানগরীর এবং ৮ জন বিভিন্ন উপজেলার বাসিন্দা ছিলেন।
চট্টগ্রাম জেলায় এ পর্যন্ত মোট ৬৩ হাজার ৬৯৬ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছে, তাদের মধ্যে মারা গেছেন ৭৫৪ জন।
