২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে ৩০০ নির্মাণ শ্রমিককে প্রশাসনের খাদ্য সহায়তা

চট্টগ্রাম নগরীর ৩০০ নির্মাণ শ্রমিকের মধ্যে খাদ্যসামগ্রী বিতরণ করেছে জেলা প্রশাসন।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Jul 2021, 08:03 PM

Updated : 10 Oct 2022, 06:05 PM

বুধবার ‍দুপুরে এমএ আজিজ স্টেডিয়াম সংলগ্ন জিমনেসিয়াম হলে জেলা প্রশাসক মোহাম্মদ মমিনুর রহমান খাদ্য বিতরণ করেন

তিনি বলেন, “কঠোর লকডাউন চলাকালীন একেবারে কর্মহীন হয়ে পড়া বিভিন্ন শ্রেণী-পেশার লোকজনদেরকে ত্রাণের আওতায় আনা হয়েছে। করোনা পরিস্থিতিতে কঠোর লকডাউন চলাকালীন সময়ে সমাজের অস্বচ্ছল কেউ যাতে অভুক্ত না থাকে তা দেখার জন্য প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন।

“সরকারের নির্দেশনা অনুযায়ী সমাজের কর্মহীন মানুষের পাশাপাশি অসহায় নির্মাণ শ্রমিক, ছিন্নমুল, দুস্থ, হতদরিদ্র পরিবারকে নগদ অর্থ ও ত্রাণ সহায়তার আওতায় আনা হয়েছে। যতদিন লকডাউন থাকবে ততদিন অসহায়-অস্বচ্ছল পরিবারের মাঝে ত্রাণ সহায়তা দেওয়া হবে।”

বুধবার দেওয়া প্রতি প্যাকেট খাদ্য সামগ্রীর মধ্যে ছিল সাত কেজি চাল, এক কেজি ডাল, দুই কেজি আলু, এক কেজি লবন, এক লিটার সয়াবিন তেল ও একটি সাবান। 

নিম্নবিত্ত ও মধ্যবিত্তদের মধ্যে যারা প্রকাশ্যে সাহায্য নিতে সংকোচবোধ করছেন তারা ৩৩৩ নম্বরে ফোন বা জেলা প্রশাসনের নম্বরে এসএমএস করলে প্রত্যেককে রাতে তাদের বাসা-বাড়িতে গিয়ে গিয়ে উপহার সামগ্রী পৌঁছে দেয়া হচ্ছে বলেও জানান জেলা প্রশাসক।

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এসএম জাকারিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোজাফফর আহমদ, নির্বাহী ম্যাজিস্ট্রেট নিবেদিতা চাকমা, নির্বাহী ম্যাজিস্ট্রেট মাসুদ রানা, নির্বাহী ম্যাজিস্ট্রেট জিল্লুর রহমান, নির্বাহী ম্যাজিস্ট্রেট প্রতীক দত্ত, জেলা ত্রাণ কর্মকর্তা সজীব কুমার চক্রবর্তী প্রমুখ।