করোনাভাইরাস: চট্টগ্রাম জেলায় একদিনে রেকর্ড রোগী শনাক্ত
পাঁচদিন আগের রেকর্ড ভেঙে গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় এ যাবৎকালের সবচেয়ে বেশি কোভিড রোগী শনাক্ত হয়েছে।
জেলার সিভিল সার্জন কার্যালয়ের হিসেব অনুযায়ী, সোমবার সকাল পর্যন্ত এক দিনে মহানগরী ও উপজেলা মিলিয়ে মোট ৫৫৯ জনের মধ্যে করোনাভাইরাসের সংক্রমণ ধরা পড়েছে। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ৩৪ দশমিক ১২ শতাংশ।
সিভিল সার্জন শেখ ফজলে রাব্বি জানান, গত ২৪ ঘন্টায় ১১টি পরীক্ষাগারে ১ হাজার ৬৩৮টি নমুনা পরীক্ষা করা হয়। আক্রান্তদের মধ্যে ৪১৪ জন মহানগরীর এবং বাকি ১৪৫ জন বিভিন্ন উপজেলার।
এর আগে গত ১ জুলাই একদিনে ২ হাজার ৬২ জনের নমুনা পরীক্ষা করে ৫৫২ জনের মধ্যে সংক্রমণ ধরা পড়েছিল, এতদিন সেটাই ছিল রেকর্ড। তবে সেদিন শনাক্তের হার ছিল ২৭ শতাংশের কম।
গত ২৪ ঘণ্টায় চট্টগ্রাম জেলায় মারা গেছেন আরও ৫ জন। এ নিয়ে জেলায় করোনাভাইরাসে মৃতের সংখ্যা দাঁড়াল ৭২২ জনে। আর এ পর্যন্ত শনাক্ত রোগীর সংখ্যা বেড়েছে হয়েছে ৬০ হাজার ৯২৭ জন।
সারাদেশের মতো চট্টগ্রামেও জুনের শুরু থেকে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা ক্রমান্বয়ে বাড়ছে। আগে মহানগরীতে আক্রান্তের সংখ্যা বেশি হলেও এখন উপজেলাতে আক্রান্তের সংখ্যা বাড়ছে।
