চট্টগ্রামে যুবককে ‘গলায় ছুরি’ চালিয়ে হত্যা, আটক ১
চট্টগ্রামে মাছের দোকানের এক কর্মচারিকে গলায় ছুরি চালিয়ে হত্যা করা হয়েছে।
হত্যাকাণ্ডের সাথে জড়িত থাকার অভিযোগে একজনকে ধরে পিটুনি দিয়ে পুলিশে দিয়েছে স্থানীয় জনতা।
শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে ডবলমুরিং থানাধীন আগ্রাবাদ বেপারী পাড়া এলাকায় এ ঘটনা ঘটে বলে পুলিশের ভাষ্য।
নিহত মোহাম্মদ হারেছ (২৭) ডবলমুরিং থানাধীন দাইয়াপাড়া এলাকার রফিকুল চৌধুরীর ছেলে। হারেছ বেপারী পাড়া বাজারে দোকানে মাছ কাটার কাজ করত।
গ্রেপ্তার হওয়া যুবকের নাম জসিম। তার বিস্তারিত পরিচয় জানা যায়নি।
ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বেপারী পাড়া মোড়ে জসিম নামে এক যুবক হারেছকে গলায় ছুরি চালিয়ে পালিয়ে যাবার চেষ্টা করে বলে প্রত্যক্ষদর্শীদের বরাতে আমরা জেনেছি। ছূরিকাঘাতের পর ঘটনাস্থলেই হারেছের মৃত্যু হয়।
“ঘটনার পরপরই স্থানীয় লোকজন ধাওয়া দিয়ে তাকে ধরে পিটুনি দিয়ে পুলিশে সোপর্দ করে। গ্রেপ্তার জসিমকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়।”
কেন জসিম এ ঘটনা ঘটিয়েছে তা তদন্ত করে দেখা হচ্ছে বলে ওসি জানান।
