হাটহাজারিতে দোকানের ভেতর মালিকের গলাকাটা মৃতদেহ
চট্টগ্রামের হাটহাজারিতে একটি মুদি দোকানের ভেতর মালিকের গলাকাটা মৃতদেহ পাওয়া গেছে।
মৃত ব্যক্তির নাম গোলাম আযম, বয়স ২৮ বছর। তার বাড়ি উপজেলার ফরহাদাবাদ ইউনিয়নের মন্দাকিনি এলাকায়। দোকানটি তার বাড়ির কাছেই।
বুধবার সকালে স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে মৃতদেহ উদ্ধার করা হয় বলে হাটাহাজারি থানার সহকারী উপপরিদর্শক হুমায়ন রশিদ জানান।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, দোকানের খাটের ওপর গোলাম আযমের লাশটি পড়ে ছিল।
হাটহাজারি থানার এসআই প্রদীপ চন্দ্র দে জানান, গোলাম আযম রাতে বাড়িতে থাকলেও গতরাতে দোকানে ছিলেন। রাতে দোকান বন্ধ করার সময় তিনি তার পাশের দোকানিকে বলেছিলেন, সকালে মালামাল কিনতে শহরে যাবেন বলে তাকে যেন ঘুম থেকে ডেকে দেওয়া হয়।
সকালে দোকান খুলতে দেরি করায় পাশের ওই দোকানি তাকে ডেকেছিলেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তিনি গোলাম আযমের বাড়িতে খবর দেন। তার বড় ভাই সরোয়ার আযম এসেও কোনো সাড়াশব্দ না পেয়ে দোকানের চাল খুলে ভেতরে ঢুকে লাশ দেখতে পান।
এসআই প্রদীপ বলেন, “পুরো ঘটনাটি রহস্যজনক। দোকান ভেতর থেকে বন্ধ করা ছিল। দোকানের কোনো মালামাল নাড়াচাড়াও হয়নি। তার সাথে যে টাকা-পয়সা ছিল, সেগুলোও ঠিকমতো আছে।”
তিনি জানান, নিহত দোকানির গলায় গভীর জখম আছে। দোকানে একটি বড় দা পাওয়া গেছে। সেটি রক্তমাখা ছিল। তবে ওই দাটি দোকানেই থাকত বলে জানিয়েছেন তার ভাই।
পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়েছে।
