সম্মানীর অংশ অটিস্টিক শিশুদের জন্য ব্যয় করবেন মেয়র রেজাউল
বিশেষ ক্ষমতা সম্পন্ন শিশুদের কল্যাণে প্রতিমাসে নিজের সম্মানী থেকে ৫০ হাজার টাকা দেবেনে চট্টগ্রাম সিটি করপোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
মঙ্গলবার দুপুরে নগরীর প্রবর্তক মোড়ে নিষ্পাপ অটিজম ফাউন্ডেশন আয়োজিত অসচ্ছল ৬০ জন বিশেষ ক্ষমতা সম্পন্ন (অটিস্টিক) শিশুর পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার বিতরণ অনুষ্ঠানে এ ঘোষণা দেন তিনি।
রেজাউল করিম বলেন, “এই শিশুদের পরিবারের বোঝা মনে করা উচিত নয়। এখন তারা জ্ঞান-বিজ্ঞানের সর্বক্ষেত্রে নিজেদের যোগ্যতায় বিচরণ করছে। এই শিশুদের কল্যাণে প্রতিমাসে আমার সম্মানী থেকে ৫০ হাজার টাকা করে দেওয়া হবে।”
সমাজের বিত্তশালীদেরও এই শিশুদের কল্যাণে এগিয়ে আসার আহ্বান জানান মেয়র।
বর্ষীয়ান সাংবাদিক এম নাসিরুল হকের সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সাধারণ সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশনের (সিসিসি) তত্ত্বাবধায়ক প্রকৌশলী (বিদ্যুৎ) ঝুলন কুমার দাশ।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের প্রকৌশলী মো. শামীম, সিটি মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম, নির্বাহী প্রকৌশলী বিপ্লব কুমার দাশ, নিষ্পাপ অটিজম ফাউন্ডেশনের যাকাত ব্যবস্থাপনা কমিটির নির্বাহী সভাপতি খোরশেদুল আলম কাদেরী ও ইসলামী ব্যাংকের কর্মকর্তা কামরুদ্দিন চৌধুরী তাহের।
অনুষ্ঠানে নন্দীরহাটে ‘মায়াকানন ইনক্লুসিভ হোমে’ চট্টগ্রাম সিটি করপোরেশনের নামে একটি কর্ণার চালুর প্রস্তাব করেন ‘নিষ্পাপ’র কর্মকর্তারা। তাদের এই প্রস্তাবে সম্মতি দেন মেয়র।
