২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

চট্টগ্রামে পাহাড় কাটার অভিযোগে গ্রেপ্তার এক

চট্টগ্রামে পাহাড় দখল করে মাটি কাটার অভিযোগে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 31 May 2021, 07:11 PM

Updated : 02 Aug 2022, 05:52 PM

নগরীর বায়েজিদ বোস্তামী থানার আরেফীন নগর থেকে রোববার গভীর রাতে মিলন হোসেন (৩৫) নামে ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

তার গ্রামের বাড়ি পাবনার চাটমোহরে হলেও তিনি থাকেন আরেফীন নগর এলাকায়।

তার বিরুদ্ধে পাহাড় কাটা, মাদকসহ বেশ কয়েকটি মামলা থাকার কথা জানিয়েছে পুলিশ।

বায়েজিদ বোস্তামী থানার ওসি মো. কামরুজ্জামান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আরেফীন নগরে জোহরা একাডেমি নামে একটি স্কুল সংলগ্ন পাহাড় কেটে সমতল করার খবর পেয়ে রাত দেড়টার দিকে থানা পুলিশের একটি দল সেখানে অভিযানে যায়।

এসময় পুলিশ দেখে মাটি কাটাতে থাকা চার থেকে পাঁচ জন ব্যক্তি পালিয়ে গেলেও মিলনকে ধরে ফেলেন পুলিশ সদস্যরা।

ওসি জানান, মিলন পাহাড় দখল করে মাটি কেটে তা প্লট আকারে বিক্রির জন্য সমতল করছিল।

তার বিরুদ্ধে আগেও পাহাড় কাটার মামলা আছে বলে জানান তিনি।