মিরসরাইয়ে কারখানার গভীর নলকূপ শুষে নিচ্ছে পানি, বিক্ষোভে স্থানীয়রা
চট্টগ্রামের মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেসরকারি ইস্পাত কারখানা বিএসআরএমের গভীর নলকূপের কারণে পানির অভাবে পড়ে বিক্ষোভে নেমেছে স্থানীয়রা।
রোববার দুপুরে সোনাপাহাড় এলাকায় সেই বিক্ষোভে সংহতি জানিয়ে গভীর নলকূপ দুই মাসের মধ্যে বন্ধের জন্য বিএসআরএমকে সময় বেঁধে দিয়েছেন স্থানীয় সংসদ সদস্য ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সোনাপাহাড় এলাকায় বিএসআরএম মিরসরাই প্ল্যান্টের ফটকের কাছেই পালিত এই কর্মসূচি ডেকেছিলেন বারৈয়ারহাট পৌরসভার মেয়র মোহাম্মদ রেজাউল করিম।
মানববন্ধন ও সমাবেশে উপজেলার বিভিন্ন ইউনিয়নের জনপ্রতিনিধি এবং স্থানীয়রা অংশ নেন। তারা অভিযোগ করেন, এই কারখানায় গভীর নলকূপের মাধ্যমে পানি তোলায় ভূগর্ভস্থ পানির স্তর নেমে যাওয়ায় স্থানীয়রা পানীয় জল ও চাষের জন্য প্রয়োজনীয় পানি পাচ্ছে না।
কর্মসূচিতে অংশ নেওয়া মগাদিয়া ইউনিয়নের চেয়ারম্যান জাহাঙ্গীর হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, কারখানার গভীর নলকূপের জন্য ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়ন, ৮ নম্বর দুর্গাপুর, বারৈয়ারহাট পৌরসভা, ২ নম্বর হিঙ্গুলী ইউনিয়নের কয়েক লাখ মানুষ ক্ষতিগ্রস্ত।
সমাবেশে ইঞ্জিনিয়ার মোশাররফ বলেন, “এই কারখানা বিলেট বানানোর জন্য প্রায় ১০ বছর আগে প্রতিষ্ঠিত হয়েছে। এটা কৃষিপ্রধান এলাকা। যখন তারা আসল, বলেছিল রেললাইনের পেছনে একটা জায়গায় কারখানা করবে। এখানে এসে ধীরে ধীরে পাহাড়-টাহাড় সব দখল করে বিশাল করে একটা কারখানা করেছে।
“তাদের কথা ছিল ফেনী নদী থেকে পানি আনবে। তারা সরকারকে ফাঁকি দিয়েছে। মিরসরাইবাসীকে ফাঁকি দিয়েছে। শেষ পর্যন্ত গভীর নলকূপ করেছে প্রায় ১০-১২টা। তাতে মিরসরাই থানার বিভিন্ন অঞ্চলের মানুষ খাবার পানি পাচ্ছে না।”
“আপনাদের দুই মাস সময় দিলাম। এই দুই মাস কারখানা চালাতে পারবেন না,” বলেন সাবেক মন্ত্রী মোশাররফ।
লোকালয় ও কৃষি এলাকা থেকে এই কারখানাটি সরিয়ে নেওয়ার দাবিও জানান তিনি।
মিরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার সোনাপাহাড় এলাকায় বেসরকারি ইস্পাত কারখানা বিএসআরএমের গভীর নলকূপের কারণে পানির অভাবে পড়ে বিক্ষোভে স্থানীয়দের বিক্ষোভে সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন।
স্থানীয় প্রশাসনকে এ বিষয়ে পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়ে মোশাররফ বলেন, “ইউএনও এবং থানার অফিসারদের বলছি, আপনারা এক সপ্তাহের মধ্যে ভিজিট করবেন। বন্ধ না করলে গভীর নলকূপগুলো আপনারা সিল করে দিবেন। না করলে আজকের সমাবেশের একশ গুণ মানুষ নিয়ে গভীর নলকূপ আমরা সিল করে দেব।”
মিরসরাইয়ের ইউএনও মিনহাজুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কর্মসূচির পরে সার্কেল এএসপি, জোরারগঞ্জ থানার ওসিসহ আমরা গিয়ে মৌখিকভাবে কারখানা কর্তৃপক্ষকে সাংসদের দেওয়া ঘোষণার বিষয়গুলো অবহিত করেছি।
“বলেছি, আইনের মধ্যে থেকে ঘোষণা যতটুকু বাস্তবায়ন সম্ভব তা করতে। চলতি মাসের ১৭ ও ২৪ মে দু’দফায় বৈঠক হয়েছিল। তখনও গভীর নলকূপ বন্ধ রেখে ওয়াটার ভাউচারের মাধ্যমে ফেনী নদী থেকে পানি আনতে বলেছি। তাদের দাবি, এখন ৪০ শতাংশ পানি ফেনী নদী থেকে আনছে। তারা জানিয়েছে, চারটি ডিপ টিউবওয়েলের মধ্যে তিনটি বন্ধ করে দিয়েছে।”
সোনাপাহাড় এলাকায় সাড়ে চারশ একর জমির উপর বিএসআরএম কারখানা। তার কাছাকাছি দূরত্বে আরও কয়েকটি ছোট-মাঝারি শিল্প কারখানা, দুটি এগ্রো প্রতিষ্ঠান এবং ব্যক্তিগতভাবে স্থাপিত গভীর-অগভীর নলকূপও আছে বলে স্থানীয়রা জানিয়েছেন।
এ বিষয়ে বিএসআরএম গ্রুপের উপব্যবস্থাপনা পরিচালক (ডিএমডি) তপন সেনগুপ্ত বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “মিরসরাইয়ে বিভিন্ন শিল্প প্রতিষ্ঠানে অনেক ডিপ টিউবয়েল আছে। আমরা লোকালয় থেকে দূরে। যে লেয়ার থেকে পানি তুলি সেটা ব্যক্তিগতভাবে স্থাপিত গভীর নলকূপের লেয়ার মেলে না। তাই তাদের সমস্যা হওয়ার কথা না। যে অভিযোগ করা হচ্ছে, তা ভুল তথ্যের ভিত্তিতে।”
তিনি বলেন, “পানি উন্নয়ন বোর্ডের কাছে অনুমতির আবেদন করা হয়েছে। অনুমতি পেলে ফেনী নদী থেকে পানি নিয়ে আসব পাইপলাইনের মাধ্যমে। ইতিমধ্যে নদী থেকে ভাউচারের মাধ্যমে পানি আনছি। আর শুধু গভীর নলকূপ না, আমরা পানি রিসাইক্লিং করি এবং বৃষ্টির পানি ব্যবহার করি।”
বৃষ্টির পানি ধরে রাখতে কারখানায় ৩ একরের রিজার্ভার আছে বলে বিএসআরএমের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়।
২০১৫ সাল থেকে বিএসআরএমের মিরসরাই প্ল্যান্ট এ উৎপাদন শুরু হয়।
১৯৫২ সালে চট্টগ্রাম নগরীর বায়েজীদ শের শাহ এলাকায় বিএসআরএম এর যাত্রা শুরু। সীতাকুণ্ড, মিরসরাই ও বায়েজিদ এলাকায় একাধিক ইস্পাত কারখানা আছে এই প্রতিষ্ঠানের।
