২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

‘মোবাইল বন্ধক’ রেখে ইয়াবা বিক্রি, চট্টগ্রামে যুবক গ্রেপ্তার

চট্টগ্রামে ইয়াবাসহ এক যুবককে গ্রেপ্তারের পর পুলিশ বলছে, সে ইয়াবা বিক্রেতা।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 23 May 2021, 08:52 PM

Updated : 02 Aug 2022, 05:50 PM

মাদকসেবীদের কাছ থেকে ‘মোবাইল বন্ধক’ নিয়ে ইয়াবা সরবরাহ করেন ওই যুবক বলে দাবি পুলিশের।

নগরীর আগ্রাবাদ বেপারী পাড়া থেকে শনিবার গভীর রাতে দিদার হোসেন (২৩) নামে এই যুবককে ১০ পিস ইয়াবাসহ গ্রেপ্তার করে ডবলমুরিং থানা পুলিশ।

ডবলমুরিং থানার ওসি মোহাম্মদ মহসিন জানান, গ্রেপ্তারের পর হালিশহর এলাকায় ওই যুবকের বাসায় অভিযান চালিয়ে বন্ধক নেয়া ১৩টি মোবাইল সেট এবং আরও ৩৩টি ইয়াবা উদ্ধার করা হয়েছে। 

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, খুচরা বিক্রেতা দিদার বেপারী পাড়ায় ইয়াবা বিক্রি করতে এসেছিল। কোনো মাদকসেবীর টাকা না থাকলেও সে ইয়াবা সরবরাহ করে।

এক মনিরের ‘চোর’ হয়ে ওঠার গল্প শোনাল পুলিশ  

তিনি জানান, জিজ্ঞাসাবাদে দিদার জানিয়েছে বন্ধক রাখা মোবাইল দামের ওপর ভিত্তি করে দুই থেকে চারটি পর্যন্ত ইয়াবা দিয়ে থাকে।

কেউ ইয়াবা নেওয়ার পর তিন থেকে পাঁচ দিনের মধ্যে টাকা পরিশোধ করতে না পারলে, সে মোবাইল সেটগুলো আর ফেরত দেয় না। পরে সেগুলো বিক্রি করে দেয় বলে ওসি মহসিন জানান।