সরকারের ওপর আস্থা রাখুন, সাংবাদিকদের তথ্যমন্ত্রী
প্রথম আলোর জ্যেষ্ঠ প্রতিবেদক রোজিনা ইসলামের বিষয়টি ‘আবেগতাড়িতভাবে’ না দেখে বরং সরকারের ওপর ভরসা রাখতে সাংবাদিকদের প্রতি আহ্বান জানিয়েছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী হাছান মাহমুদ।
বুধবার চট্টগ্রামে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্ট থেকে মহামারীকালীন সহায়তার দ্বিতীয় পর্যায়ের চেক বিতরণ অনুষ্ঠানে তিনি বলেন, “যেহেতু একটি মামলা হয়েছে, তার যাতে সুবিচার হয়, তিনি যাতে ন্যায়বিচার পান, তার প্রতি কোনোভাবে যাতে অন্যায় না হয় সেটি আমরা দেখছি। সুতরাং সাংবাদিক বন্ধুদের অনুরোধ জানাব, সরকারের ওপর আস্থা রাখুন, এক্ষেত্রে সরকার ন্যায়বিচার প্রতিষ্ঠায় বদ্ধপরিকর।
“কিন্তু কেউ অন্যায় করলে, নিয়ম-নীতির যদি কেউ তোয়াক্কা না করে, সেক্ষেত্রে যাতে সেখানে ন্যায় প্রতিষ্ঠিত হয়, সে ব্যাপারে নিশ্চয়ই সাংবাদিক সমাজ একমত থাকবে।”
রাষ্ট্রীয় গোপন নথি ‘চুরির চেষ্টার’ অভিযোগে সাংবাদিক রোজিনা ইসলামকে সোমবার সচিবালয়ে স্বাস্থ্য সেবা বিভাগের এক কর্মকর্তার কক্ষে প্রায় সাড়ে পাঁচ ঘণ্টা আটকে রাখা হয়। পরে রাতে তাকে শাহবাগ থানায় সোপর্দ করে ব্রিটিশ আমলের অফিসিয়াল সিক্রেটস অ্যাক্ট ও দণ্ডিবিধির কয়েকটি ধারায় মামলা করে স্বাস্থ্যসেবা বিভাগ।
রোজিনা ইসলাম ওই অভিযোগ অস্বীকার করেছেন। আর তার সহকর্মীরা বলেছেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ‘অনিয়ম-দুর্নীতি’ নিয়ে প্রতিবেদন করায় তাকে ‘হয়রানি’ করা হচ্ছে। সচিবালয়ে আটকে রাখার সময় রোজিনাকে শারীরিকভাবে হেনস্তা করা হয় বলেও অভিযোগ করেছে তার পরিবার।
বর্তমানে কাশিমপুর কারাগারে রাখা হয়েছে রোজিনাকে। বৃহস্পতিবার হাকিম আদালতে তার জামিন শুনানির কথা রয়েছে।
আওয়ামী লীগের যুগ্ন সাধারণ সম্পাদক হাছান মাহমুদ বলেন, “স্বাস্থ্য মন্ত্রণালয়ের বক্তব্য অনুযায়ী, রাষ্ট্রীয় গোপন নথি রোজিনা ইসলাম ফাইল থেকে নিয়েছিলেন, সেজন্য তার বিরুদ্ধে মামলা হয়েছে। এক্ষেত্রে স্বাস্থ্য মন্ত্রণালয়ের মন্ত্রীর দায়িত্ব হচ্ছে সেগুলোকে সংরক্ষণ করা।
তথ্যমন্ত্রী আরও বলেন, “এখানে প্রশ্ন হচ্ছে তিনি সেখানে পাঁচ ঘণ্টা আটক থাকলেন কেন? এটি নিয়ে সবার মধ্যে প্রশ্ন আছে। স্বাস্থ্য মন্ত্রণালয় বলেছে, তারা পাঁচ ঘণ্টা আটক রাখেনি, একঘণ্টা পরেই পুলিশের কাছে হস্তান্তর করেছে। যে বিলম্বটা হয়েছে সেটি কেন হলো পুলিশ খুঁজে বের করবে।”
হাছান মাহমুদ বলেন, “ফিলিস্তিনে শতশত মানুষকে হত্যা করা হচ্ছে, প্রায় একশর কাছাকাছি শিশুকে হত্যা করা হলো, সেটি নিয়ে অ্যামনেস্টি ইন্টারন্যাশনাল একটি বিবৃতি দিল না। রোজিনা ইসলাম কেন পাঁচ ঘণ্টা স্বাস্থ্য মন্ত্রণালয়ে থাকলেন সেটি নিয়ে বিবৃতি দিয়ে দিল। আরো বেশ কয়েকটি সংগঠন আছে যেগুলো ফিলিস্তিনে এতো অন্যায় হচ্ছে সেটি নিয়ে বিবৃতি দেয়নি। এমনকি জাতিসংঘও কথা বলতে সাতদিন সময় নিয়েছে। কিন্তু রোজিনা ইসলামের বিষয় নিয়ে অনেকেই কথা বলেছে।”
বাংলাদেশে অবাধ তথ্যপ্রবাহ নিশ্চিত করতে ‘তথ্য কমিশন’ গঠিত হয়েছে জানিয়ে তিনি বলেন, “কমিশনের মাধ্যমে যে কেউ যেকোনো তথ্য সরকারের কাছে চাইতে পারে। তথ্য কমিশনের মাধ্যমে শুধু সে তথ্যই তিনি পাবেন না যেটা নন-ডিসক্লোজার আইটেম।
“সরকারের কাছ থেকে যেকানো তথ্য পেতে হলে মন্ত্রণালয়ে আবেদন করতে হয়, সে আবেদনের প্রেক্ষিতে যদি মন্ত্রণালয়ে পাওয়া না যায় তাহলে তথ্য কমিশনে আবেদন করা যায়। ২০১৪ সালে তথ্য কমিশন গঠিত হবার পর থেকে ১ লাখ ১৯ হাজার ৮৩১টি আবেদনের নিষ্পত্তি করা হয়েছে ২০২০ সালের ডিসেম্বর পর্যন্ত।”
চট্টগ্রাম প্রেস ক্লাবের বঙ্গবন্ধু হলে চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়ন (সিইউজে) আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিইউজের সভাপতি মোহাম্মদ আলী।
সাধারণ সম্পাদক ম. শামসুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক জাফর ওয়াজেদ।
বক্তব্য রাখেন চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি আলী আব্বাস, বিএফইউজের সহসভাপতি রিয়াজ হায়দার চৌধুরী, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, চট্টগ্রাম প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক চৌধুরী ফরিদ, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সহ-সভাপতি অনিন্দ্য টিটু প্রমুখ।
