২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: বিভিন্ন স্থানে নৌবাহিনীর ত্রাণ বিতরণ

দেশের উপকূলীয় অঞ্চলের দরিদ্র মানুষের মাঝে করোনাভাইরাস মহামারীতে খাদ্য ও ইফতার সামগ্রী এবং অর্থ সহায়তা দিচ্ছে বাংলাদেশ নৌবাহিনী।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 24 Apr 2021, 10:25 PM

Updated : 10 Oct 2022, 05:55 PM

পুরনো খবর:

কোভিড-১৯: গরিবদের সহায়তার অনুরোধ চট্টগ্রাম নগর আ. লীগের

শনিবার আন্ত:বাহিনী জনসংযোগ পরিদপ্তরের (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, চট্টগ্রাম, সেন্টমার্টিন, বরিশাল, পটুয়াখালী, পিরোজপুর, খুলনা ও মোংলার প্রত্যন্ত এলাকায় ত্রাণ সামগ্রী বিতরণ করেছে নৌবাহিনী।

এতে বলা হয়, শনিবার চট্টগ্রামের বন্দর এলাকা ও সেন্টমার্টিনের ৭০০ অসহায় জেলে ও দরিদ্র পরিবারের মাঝে ত্রাণ সহায়তা বিতরণ করা হয়। 

পাশাপাশি বাগেরহাটের মোংলার দিগরাজ বাজার, বানিয়াসান্তা ও মোংলা পৌর এলাকার অসহায় ও দরিদ্র ৪০০ পরিবার এবং পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলাস্থ বানৌজা শের-ই-বাংলা ঘাঁটির পাশ্ববর্তী এলাকার লালুয়া ইউনিয়নের অসহায় ও দরিদ্র ৩০০ পরিবারের মাঝে খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী প্রদান করে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

এতে আরো বলা হয়, “নৌবাহিনীর জাহাজ সালাম ও কর্ণফুলী বরিশাল ও পটুয়াখালীর দরিদ্র জেলেদের মাঝে একই রকম ত্রাণ সহায়তা বিতরণ করছে।“

পাশাপাশি খুলনার লবণচরা, শিপইয়ার্ড ও হরিণটানা এলাকায় খাদ্য, অর্থ সহায়তা এবং ইফতার সামগ্রী দেওয়া হয়।

খাদ্য সহায়তা হিসেবে প্রতিটি পরিবারকে চাল, ডাল, আটা, ছোলা ও লবণসহ বিভিন্ন খাদ্য ও ইফতার সামগ্রী প্রদান করা হয়।   

করোনাপরিস্থিতিতে নৌসদস্যরা দেশব্যাপী সামাজিক সচেতনতা বাড়াতেও বিভিন্ন কার্যক্রম পরিচালনা করছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়।

মহামারী পরিস্থিতির উন্নতি না হওয়া পর্যন্ত এই কার্যক্রম চলমান থাকবে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।