চট্টগ্রামে নির্মাণাধীন ভবনে কয়েকশ মশাল, আটক ১
স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর আগের দিন রাতে চট্টগ্রামের বহদ্দারহাট বাস টার্মিনাল সংলগ্ন এলাকার নির্মাণাধীন ভবন থেকে কয়েকশ মশাল উদ্ধার করেছে পুলিশ।
এ ঘটনায় রাব্বী নামের এক যুবককে আটক করা হয়েছে বলে নগর পুলিশের উত্তর জোনের উপ-কমিশনার বিজয় বসাক জানান।
তিনি সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত ভবনটির তৃতীয় তলার একটি কক্ষে অভিযান চালিয়ে কয়েকশ মশাল পাওয়া গেছে, যা বিভিন্ন রাজনৈতিক কর্মসূচিতে ব্যবহার হয়। বিভিন্ন রাজনৈতিক দল কর্মসূচি দিচ্ছে।
“এভাবে আরও অন্য কিছু আছে কি না আমরা দেখছি।”
চান্দগাঁও থানার পরিদর্শক (তদন্ত) রাজেশ বড়ুয়া বলেন, ভবন থেকে রাব্বী নামে একজনকে আটক করা হয়েছে।
“সে প্রাথমিক জিজ্ঞাসাবাদে বলেছে বৃহস্পতিবার দুপুরে মশাল বানানোর কথা বলে ৬০০ টাকা মজুরির বিনিময়ে তাকে নিয়ে আসা হয়।
কারা নিয়ে এসেছে সে ব্যাপারে কোন তথ্য রাব্বী দিতে পারেনি।
