২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

করোনাভাইরাস: চট্টগ্রামে আরেক পুলিশ সদস্যের মৃত্যু

করোনাভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রামে আরও এক পুলিশ সদস্যের মৃত্যু হয়েছে।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 25 Dec 2020, 01:15 PM

Updated : 18 Aug 2022, 04:17 PM

চট্টগ্রাম জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকালে জহিরুল ইসলাম নামের ওই পুলিশ কনস্টেবলের মৃত্যু হয় বলে অতিরিক্ত উপ-কমিশনার (সদর) মঈনুল ইসলাম জানান।

জহিরুল ইসলাম নগর পুলিশের বিশেষ শাখায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন। তার বয়স হয়েছে ৪৪ বছর।

এক ছেলে ও এক মেয়ের বাবা জহিরুলের বাড়ি লক্ষ্মীপুর জেলায়। ১৯৯৬ সালে তিনি পুলিশ বাহিনীতে যোগ দিয়েছিলেন। 

তাকে নিয়ে মহানগর পুলিশের একজন উপ-কমিশনারসহ (পুলিশ সুপার) চট্টগ্রামের মোট ছয়জন পুলিশ সদস্য করোনাভাইরাসে মারা গেলেন।

এডিসি মঈনুল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত ৬ ডিসেম্বর কনস্টেবল জহিরুলের কোভিড-১৯ পরীক্ষার ফল ‘পজিটিভ’ আসে। অবস্থার অবনতি হলে বৃহস্পতিবার তাকে চট্টগ্রাম জেনারেল হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়।

“সেখানে চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার সকাল ৬টার দিকে তিনি মারা যান।”

শুক্রবার দামপাড়া পুলিশ লাইনসে জানাজা শেষে জহিরুলের মরদেহ লক্ষ্মীপুরে তার গ্রামের বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে জানান এডিসি মঈনুল।

চট্টগ্রাম মহানগর পুলিশের কমিশনার সালেহ মোহাম্মদ তানভীর কনস্টেবল জহিরুলের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।