২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যা চট্টগ্রামে, স্বামী গ্রেপ্তার কুমিল্লায়

চট্টগ্রামে স্ত্রীকে খুন করে কুমিল্লায় পালিয়ে যাওয়া এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Dec 2020, 06:22 PM

Updated : 18 Aug 2022, 04:14 PM

কুমিল্লার চান্দিনা উপজেলার ইলিয়টগঞ্জ থেকে মো. সোহেল (৩৭) নামের ওই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়।

সোহেলের বাড়ি ইলিয়টগঞ্জে। চট্টগ্রাম নগরীর আমবাগান এলাকার রেল লাইনের পাশে ভাড়া ঘরে স্ত্রী আমেনাকে নিয়ে থাকতেন তিনি। তারা চট্টগ্রামে পোশাক কারখানার শ্রমিক।

খুলশী থানার পরিদর্শক (তদন্ত) আফতাব হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, বুধবার দুপুরে রেল লাইনের পাশের টিনসেড বাসা থেকে এক নারীর লাশ উদ্ধার করা হয়। ওই বাসায় সোহেল তার স্ত্রী আমেনাকে নিয়ে থাকতেন।

“মঙ্গলবার গভীর রাত থেকে বুধবার ভোরের কোনো এক সময়ে আমেনাকে খুনের অভিযোগে মামলা করে তার ভাই।

পরিদর্শক আফতাব জানান, ওড়না গলায় পেঁচিয়ে শ্বাসরোধে আমেনাকে হত্যা করা হয়। ঘটনার পর থেকেই অঅত্মগোপনে ছিলেন সোহেল।

এদিকে লাশ উদ্ধারের পর অভিযান শুরু করে রাতে ইলিয়টগঞ্জ থেকে সোহেলকে গ্রেপ্তার করে বৃহস্পতিবার চট্টগ্রামে নিয়ে আসা হয়।

বৃহস্পতিবার বিকালে মহানগর হাকিম সরোয়ার জাহানের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দি দেন সোহেল।

খুলশী থানার ওসি শাহীনুল ইসলাম বলেন, আমেনা ও সোহেল চট্টগ্রামে থাকলেও তাদের তিন সন্তান ইলিয়টগঞ্জে দাদির কাছে থাকে।

“মহামারীতে আর্থিক টানাপোড়ন শুরু হলে সোহেল স্ত্রীকে গ্রামের বাড়ি কুমিল্লায় সন্তানদের কাছে যেতে বলে। এ নিয়ে দুইজনের মধ্যে কলহ সৃষ্টি হয় বলে সোহেল জানিয়েছে। মঙ্গলবার রাতেও ঘুমাতে গিয়ে তাদের মধ্যে ঝগড়া হয়। এসময় আমানাকে ওড়না গলায় পেঁচিয়ে হত্যা করে সোহেল।”