২১ নভেম্বর ২০২৬, ০৬ অগ্রহায়ণ ১৪৩৩

স্ত্রীকে হত্যার ছয় বছর পর স্বামীর মৃত্যুদণ্ড

ছয় বছর আগে স্ত্রীকে গলা কেটে হত্যার মামলায় এক ব্যক্তিকে মৃত্যুদণ্ড দিয়েছে চট্টগ্রামের একটি আদালত।

চট্টগ্রাম ব্যুরো

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 15 Dec 2020, 07:19 PM

Updated : 18 Aug 2022, 04:13 PM

মঙ্গলবার চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত মহানগর দায়রা জজ মো. আমিরুল ইসলাম এ রায় ঘোষণা করেন।

মৃত্যুদণ্ডপ্রাপ্ত মো. মাসুদ (৩০) লক্ষ্মীপুর জেলার মৃত আবুল কালামের ছেলে।

স্ত্রী পোশাক কারখানাকর্মী মোছাম্মৎ হামিদাকে নিয়ে মাসুদ চট্টগ্রাম নগরীর মোহাম্মদ আলী শাহ লেইনে ভাড়া বাসায় থাকতেন।

আদালতের বেঞ্চ সহকারী মোহাম্মদ মাসুদ হাসান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, হত্যার অভিযোগ প্রমাণিত হওয়ায় ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে বিচারক রায় দিয়েছেন।

আসামি মাসুদ রায় ঘোষণার সময় আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে কারাগারে পাঠানো হয়।   

মামলার নথি থেকে জানা গেছে, ২০১৪ সালের ১৪ এপ্রিল সকাল পৌনে ৮টার দিকে কারখানায় যাওয়ার জন্য বের হওয়ার সময় স্ত্রী হামিদার সঙ্গে মাসুদের সঙ্গে ঝগড়া শুরু হয়।

ঝগড়ার একপর্যায়ে মাসুদ তাকে ধারালো অস্ত্র দিয়ে গলা কেটে হত্যা করে বাথরুমে লাশ ফেলে রাখেন। ওই বাড়ির তত্ত্বাবধায়ক মাসুদকে পালিয়ে যেতে দেখেন।

পরে স্থানীয়রা ধাওয়া করে মাসুদকে চকবাজার কাঁচাবাজার এলাকা থেকে আটক করে পুলিশে সোপর্দ করে।

বাড়ির তত্ত্বাবধায়ক ইসহাক এ ঘটনায় মাসুদের বিরুদ্ধে একটি মামলা করেন।

২০১৫ সালের ১৯ মার্চ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠনের মধ্যে দিয়ে বিচার শুরু হয়।